নীলফামারীতেই হচ্ছে চীনের বিশেষায়িত হাসপাতাল

আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০৭:৪১ এএম

চীন সরকারের উপহার হিসেবে ১ হাজার শয্যাবিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল অবশেষে উত্তরাঞ্চলের নীলফামারী জেলায় হতে যাচ্ছে। জেলা সদর উপজেলার দারোয়ানী টেক্সটাইল এলাকার পতিত মাঠের সাড়ে ২৫ একর জায়গার ওপর নির্মিত হবে এই হাসপাতাল। স্থাপনে ইতিমধ্যে মাস্টার প্ল্যান প্রণয়ন ও বিভিন্ন স্থাপনার ব্যয়ে প্রাক্কলন তৈরির জন্য নোটিস জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। গত ৩০ অক্টোবর মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা নোটিসে স্বাক্ষর করেন উপ-সচিব ফাতিমা তুজ জোহরা ঠাকুর। অতীব জরুরি হিসেবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে নোটিষটি।

গতকাল মঙ্গলবার বিকেলে নীলফামারী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাকিউজ্জামান দেশ রূপান্তরকে বলেন, চিঠিটি আমরা পেয়েছি। চীন সরকারের উপহার ১ হাজার শয্যাবিশিষ্ট হাসপাতাল স্থাপন বিষয়ে আমরা ডিজিটাল সার্ভে শুরু করেছি।

নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, দারোয়ানী টেক্সটাইল এলাকায় ৬০ একরেরও বেশি সরকারি জায়গা রয়েছে। চীন সরকারের ১ হাজার হাসপাতাল স্থাপনে ২৫ একর জায়গা প্রয়োজন। ২৫ একর জায়গা হাসপাতালের জন্য দিয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। নির্দেশ মোতাবেক মন্ত্রণালয় থেকে হাসপাতাল স্থাপনে ব্যয় এবং ডিজাইনের কাজ শুরু হয়েছে। আশা করা যায় নীলফামারীতে হচ্ছে হাসপাতালটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত