তো  মা  দে  র   ব  ই

নতুন দিনের পাঠকের সামনে পূর্ণাঙ্গ নজরুল

আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ০৬:৫৫ এএম

ফরাসি দার্শনিক দেকার্তে বলেছেন, ‘ভালো বই পড়া মানে গত শতাব্দীর সেরা মানুষদের সঙ্গে কথা বলা।’ বই পড়ার মাধ্যমে মনীষীদের চিন্তাভাবনা জানার এবং তাদের অর্জিত জ্ঞান লাভ করার সুযোগ হয়। আর সেই বইটি যদি হয় কোনো মনীষীর জীবনী তাহলে পাঠক জানতে পারেন কীভাবে তিনি কোটি মানুষের ওপর প্রভাব বিস্তারকারী মনীষীতে পরিণত হলেন। মহৎ ব্যক্তির জীবনী তাই পাঠকের জন্য, বিশেষ করে কিশোর-তরুণদের জন্য দিকনির্দেশনা হিসেবে কাজ করে। জীবনী গ্রন্থ এই গুরুদায়িত্ব পালন করে বলে, মহৎ ব্যক্তিদের জীবনী কখনো কখনো শুধু কিশোরদের জন্য বিশেষভাবে রচিত হয়ে থাকে। এর ফলে যে বিষয়গুলো কিশোর মনে নেতিবাচক ছাপ পড়তে পারে বা পূর্ণবয়স্ক না হওয়া পর্যন্ত যে বিষয় জানার প্রয়োজন সেই বিষয়গুলো সযতেœ এড়িয়ে যাওয়া হয়। তাছাড়া জীবনীগ্রন্থ সাধারণত একজন মানুষের জীবনের প্রতিটি ধাপ স্পর্শ করে বলে এর কলেবর হয় বিশাল, যা একজন কিশোর পাঠকের ধৈর্যচ্যুতি ঘটাতে পারে। ফলে জীবনীপাঠ থেকে মুখ ফিরিয়ে নিতে পারে কিশোর পাঠক। সে কারণেই শিশুকিশোর মন ও গ্রহণের ক্ষমতা অনুযায়ী মহৎ ব্যক্তিদের কিশোরোপযোগী জীবনীগ্রন্থ রচনা ও প্রকাশ বিশ্বব্যাপী একটি চর্চিত ব্যাপার। তবে প্রায় সময়ই, এই জীবনীগ্রন্থগুলো জীবনীকার ও প্রকাশকদের পূর্ণ মনোযোগ পায় না। কিশোর মনের সংবেদনশীলতা ও তাদের মননকে উপেক্ষা করার ফলেই এটি ঘটে। সেদিক থেকে আহমদ রফিকের লেখা কিশোরদের নজরুল বইটি উজ্জ্বল ব্যতিক্রম। ভাষাসংগ্রামী আহমদ রফিক বাংলা ভাষার অন্যতম অগ্রগণ্য মননশীল লেখক। বাংলা ভাষা ও সাহিত্য, এ অঞ্চলের হাজার বছরের ইতিহাস ও সংগ্রাম, মাটি ও ভূ-প্রকৃতির স্বভাব তার নখদর্পণে। তাই তার কলমে সবচেয়ে সুচারুভাবে ধরা পড়েছে, বাঙালির স্বাধীনতা সংগ্রামের অন্যতম অনুপ্রেরণাদায়ী কবি কাজী নজরুল ইসলামের জীবন ও চারিত্রিক বৈশিষ্ট্য। বাঙালি জাতির সহজাত সরলতা, সৃষ্টিশীল উন্মাদনা, ভাবুক বাউল মন, স্নেহ-ভালোবাসার প্রতি কাঙালপনা নজরুলের মধ্যে যে সর্বোচ্চ পর্যায়ে প্রতিফলিত হয়েছিল তা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন সুলেখক আহমদ রফিক। তার জাদুকরী গদ্যের স্পর্শে সহজে নজরুলের জীবনবীক্ষা স্থান দখল করে নেয় কিশোর পাঠকের মন।

আজ আমরা একটি স্বাধীন দেশে বাস করি। আমাদের সৌভাগ্য যে, আমাদের পূর্বজরা আন্দোলন ও সশস্ত্র সংগ্রামের মাধ্যমে এই দেশকে স্বাধীন করেছেন। সে কারণে আমরা স্বাধীন দেশে স্বাধীন মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি। কিন্তু নজরুল আমাদের মতো এমন সৌভাগ্যবান ছিলেন না। তিনি জন্মছিলেন ইংরেজ শাসনাধীন ভারতবর্ষে। নজরুল তার চারপাশের পরিবেশ ও পঠনপাঠন দ্বারা দারুণ প্রভাবিত হয়েছিলেন এবং স্বাধীনতাকেই দেশের মানুষের একমাত্র লক্ষ্য হওয়া উচিত বলে মনে করতেন। আত্মমর্যাদা ও পরাধীনতার নাগপাশ ছিন্ন করার যে মানসিক প্রয়াস তা সবচেয়ে প্রবলভাবে ধরা পড়ে বিদ্রোহী কবিতায়। কবিতাটি তৎকালীন পাঠক সমাজে, বিশেষ করে অগ্রসর তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। সেই থেকে কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি নজরুল হিসেবে খ্যাতিলাভ করেন। তবে নজরুল শুধু বিদ্রোহের কবিই ছিলেন না। ছিলেন সাম্যের কবি, মানবতাবাদী কবি। তার কবিতা, গান, প্রবন্ধে ফুটে উঠেছে এ দেশের মানুষের প্রতি অপার ভালোবাসা। তাদের দুঃখ লাঘব ও পরাধীনতা ছিন্ন করতে উদ্বুদ্ধ করতে লিখে গেছেন একের পর এক কবিতা, গান ও প্রবন্ধ। লেখনীর জন্য তাকে যেতে হয়েছে জেলেও। জেলে থাকার সময় দীর্ঘসময় অনশন করার ফলে তার শরীর ও মস্তিষ্কে স্থায়ী ক্ষতি হয়েছিল, যা ধরা পড়ে পরে। এর ফলেই তিনি মাত্র তেতাল্লিশ বছর বয়সে বাকরুদ্ধ হয়ে পড়েন। জীবনের বাকি চুয়াল্লিশ বছর তিনি এভাবেই যাপন করেছেন। এ সবই তার নিজের পথে অবিচল থাকা এবং আপসহীনতার জন্য বরণ করতে হয়। তিনি শুধু তার লেখনী দিয়েই নয়, বরং জীবনাদর্শ ও দৃষ্টান্ত স্থাপন করেও মানুষদের বিশেষ করে তরুণদের স্বাধীনতা সংগ্রামের কঠিন পথকে বেছে নিতে অনুপ্রাণিত করেছেন। আমাদের স্বাধীনতা যুদ্ধের সময়ও মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণার অন্যতম উৎস ছিল তার গান ও কবিতা।

নজরুলের জীবন অতিক্রম করেছিল পরাধীন ইংরেজ শাসিত ভারতবর্ষ, তাদের থেকে স্বাধীনতা লাভের ফলে সৃষ্ট ভারত ও পাকিস্তান এবং স্বাধীন বাংলাদেশ। সুলেখক আহমদ রফিক নজরুলের জীবনী কিশোরদের সামনে বর্ণনা করার সময় শুধু নজরুলের জন্ম, বেড়ে ওঠা বা মৃত্যুর ঘটনাকে বিধৃত করেননি বরং তাকে কেন্দ্র করে বর্ণনা করেছেন সময়ের পরিক্রমায় কীভাবে আমরা আজকের বাংলাদেশ পেলাম। নজরুলের পাঠের বিশাল সীমানা, বিশ্ব রাজনীতি সম্পর্কে গভীর জ্ঞান, সমসাময়িক ও অগ্রজ শিল্পী-সাহিত্যিক-রাজনীতিবিদদের সঙ্গে সখ্য কোনো কিছুই বাদ পড়েনি আহমদ রফিকের এই বই থেকে। সঙ্গে যুক্ত হয়েছে ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার আলোকচিত্র, পেইন্টিং ও স্কেচ, যা পাঠককে সেই সময়ের সঙ্গে সংযুক্ত হতে সাহায্য করবে, উৎসাহিত করবে ইতিহাস পাঠে। নজরুল ‘বিদ্রোহী কবি’ পরিচয়ের আড়ালে অনেকখানিই খ-িত হয়ে স্থান পেয়েছেন পাঠকের মনে। সে ধারণাকে ভুল প্রমাণিত করে পূর্ণাঙ্গ নজরুলকে নতুন দিনের পাঠকের সামনে হাজির করেছে আহমদ রফিকের কিশোরদের নজরুল!

বইটি তোমাদের ভালো লাগবে!

সুলতানা রাজিয়া

×
সর্বশেষ সর্বাধিক পঠিত