‘বিএনপির আন্দোলনে অস্থিরতা, দলে ঢুকেছে স্বার্থান্বেষী মহল’

আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ০৬:৫৭ পিএম

বিএনপির সাম্প্রতিক সড়ক ও রেলপথ অবরোধ, ঝাড়ু মিছিলসহ আন্দোলনে অস্থিরতা দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বিজিএমইএর পরিচালক ড. রশিদ আহমেদ হোসাইনী। তার অভিযোগ, দলে স্বার্থান্বেষী একটি মহল ঢুকে পড়ায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।      

শনিবার (৮ নভেম্বর) দুপুরে লাকসামের মুদাফরগঞ্জে আনছারিয়া কমপ্লেক্সে বিএনপির বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ড. রশিদ বলেন, নেতাকর্মীদের মধ্যে অসন্তোষের মূল কারণ হলো ওই স্বার্থান্বেষী মহল। তারা দলে বিভাজন তৈরি করছে। আমরা আশা রাখি, দেশনেতা তারেক রহমান শিগগিরই দেশে ফিরে আসবেন এবং ঘোষিত মনোনয়ন পুনর্বিবেচনা করবেন।

তিনি আরও বলেন, লাকসাম-মনোহরগঞ্জের বিএনপির নেতাকর্মীরা গত ১৭ বছর ধরে নির্যাতিত ও নিপীড়িত। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের কাছে আমাদের প্রার্থী পরাজিত হয়েছিলেন দলেরই একাংশের বেইমানির কারণে। সেই ব্যক্তিস্বার্থে পরিচালিত মহলের কারণেই বহু নেতা-কর্মী হামলা-মামলা ও গুমসহ নানা হয়রানির শিকার হয়েছেন। হিরু ও হুমায়ুন গুম হয়েছেন এমন দুঃখজনক ঘটনার জন্যও ওই মহল দায়ী।

এর আগে আলোচনা সভায় ড. রশিদ বলেন, ২০০৮ থেকে আমরা আওয়ামী লীগের নির্যাতন, হামলা ও মামলার মধ্য দিয়ে সময় কাটিয়েছি। তবুও নেতা-কর্মীদের পাশে থেকেছি, আন্দোলন-সংগ্রামে সহায়তা করেছি, আর্থিকভাবে সাহায্য করেছি।

তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের পর দলের বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা কমিটিতে ত্যাগী ও নির্যাতিত নেতাদের বাদ দিয়ে অনেক জায়গায় আওয়ামী লীগের অনুসারীরা জায়গা পেয়েছেন। এতে ত্যাগী কর্মীরা বঞ্চিত হচ্ছেন, যা দলে বিভাজন ও গ্রুপিংয়ের জন্ম দিয়েছে।

মনোনয়ন প্রসঙ্গে আত্মবিশ্বাসী ভঙ্গিতে তিনি বলেন, আমার নেতা তারেক রহমান সব সময় বলেছেন, সৎ, যোগ্য ও জনপ্রিয় প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে। আমি সংস্কার বা বহিষ্কারের রাজনীতিতে বিশ্বাসী নই। যদি বিএনপি আমাকে মনোনয়ন দেয়, তাহলে লাকসাম-মনোহরগঞ্জে আর কোনো গ্রুপিং বা কোন্দল থাকবে না। দল আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী হবে।

বিএনপির গুলশান কার্যালয়ে সাম্প্রতিক মনোনয়ন প্রত্যাশীদের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, পরিতাপের বিষয়, কুমিল্লা-৯ আসন থেকে মাত্র দুইজনকে ডাকা হয়েছিল, অথচ আরও যোগ্য প্রার্থী ছিলেন। পরে যখন একজনের নাম ঘোষণা করা হয়, তখন থেকেই আরেকটি গ্রুপ তার মনোনয়ন প্রত্যাহারের দাবিতে আন্দোলন শুরু করে। লাকসাম-মনোহরগঞ্জের মানুষ শান্তি চায়, বিভেদ নয়। আশা করি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে যথাযথ দৃষ্টি দেবেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপি নেতা খোরশেদ আলম খুসরু, এ কে এম আতিকুর রহমান লিটন, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন শিপন, মনোহরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. আলাউদ্দিন, লাকসাম উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মাইন উদ্দিন সাকিব, নওয়াব ফয়েজুন্নেছা কলেজ ছাত্রদলের সাবেক সহসভাপতি নাছির উদ্দিন সোহেল ও সাধারণ সম্পাদক ইলিয়াস মজুমদারসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বহু নেতা-কর্মী।

এ ছাড়া মনোহরগঞ্জের বিএনপি ও সহযোগী সংগঠনের ড. রশিদ আহমেদ হোসাইনীর অনুসারীরাও সভায় উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত