জুলাই আন্দোলনের পর প্রথম নিজ জেলায় রাষ্ট্রপতি

আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০৭:৩২ এএম

দুই দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন; যা জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথম। গতকাল শনিবার সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে করে পাবনার উদ্দেশ্যে রওনা দেন মো. সাহাবুদ্দিন। ২০২৩ সালের এপ্রিলে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলায় এটি রাষ্ট্রপতির পঞ্চম সরকারি সফর।

গতকাল সকাল ৯টা ৪০ মিনিটে পাবনা স্টেডিয়ামের হেলিপ্যাডে অবতরণ করেন তিনি। পাবনায় পৌঁছানোর পর পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পুলিশ সুপার মোরতোজা আলী খান রাষ্ট্রপতিকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে পাবনা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করেন তিনি। সেখানে তাকে স্বাগত জানান বিএনপি নেতা শিমুল বিশ্বাস ও হাবিবুর রহমানসহ আরও অনেকে। সফরসূচি অনুযায়ী রাষ্ট্রপতি পাবনার আরিফপুর কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত করেন। এরপর নিজ বাসভবনে কিছু সময় অবস্থান করে নিকটাত্মীয় ও শুভানুধ্যায়ীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। রাতে পাবনা সার্কিট হাউজে অবস্থান করবেন রাষ্ট্রপতি।

দুই দিনের সফর শেষে আজ রবিবার ঢাকার পথে রওনা হবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাষ্ট্রপতির সফর ঘিরে জেলায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসককে প্রশাসনিক কার্যক্রম সমন্বয় ও প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা নিতেও নির্দেশ দেওয়া হয়েছে।

২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন। এর মাসখানেক পর ১৫ মে রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার নিজ জেলায় সরকারি সফরে যান তিনি।

পরে ওই বছরের ২৭ সেপ্টেম্বর ছাড়াও ২০২৪ সালের ১৬ জানুয়ারি ও ৯ জুন পাবনায় যান মো. সাহাবুদ্দিন। এবার পঞ্চমবারের মতো নিজ জেলায় সরকারি সফরে গেলেন রাষ্ট্রপতি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত