হাজার গোলের পথে আরও এগিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো

আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ১০:৩১ এএম

নতুন ইতিহাসের পথে দ্রুত এগিয়ে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪০ বছর বয়সেও যেন থামাথামি নেই। সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে একের পর এক ম্যাচে গোল করে যাচ্ছেন। গতকাল শনিবার নিয়োম এসসির বিপক্ষে করলেন ক্যারিয়ারের ৯৫৩তম গোল। হাজার গোলের পথে এগিয়ে গেলেন আরও এক ধাপ।

কিং খালিদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত সৌদি প্রো লিগের ম্যাচটি আল নাসর ৩-১ গোলে জয়লাভ করে। বিরতির পর ৬৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন পর্তুগিজ মহাতারকা। ঠান্ডা মাথায় গোলরক্ষককে বোকা বানিয়ে দিয়ে বল জালে জড়ান। সৌদি লিগে ৮৫ ম্যাচ খেলা রোনালদোর এটা শততম গোল অবদান।

ফুটবল ইতিহাসে এখনো পর্যন্ত কোনো খেলোয়াড় আনুষ্ঠানিক প্রতিযোগিতামূলক ম্যাচে ১,০০০ গোলের কীর্তি ছুঁতে পারেননি। পেলে ও রোমারিও দাবি করলেও তাদের গোলের সংখ্যার হিসেব করা হয়েছিল প্রীতি ম্যাচসহ। অথচ রোনালদো যা করছেন, তা সম্পূর্ণ অফিসিয়াল প্রতিযোগিতায়। ৯৫৩ গোল করতে খেলেছেন ১২৯৫ ম্যাচ।

রোনালদো বর্তমানে ফুটবল ইতিহাসে সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতা। স্পোর্টিং সিপি, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস এবং এখন আল নাসরের হয়ে ২০ বছরেরও বেশি ক্যারিয়ারে তিনি যা অর্জন করেছেন, তা কেবল একক প্রতিভা নয়—অদম্য পরিশ্রমের ফল। হাজার গোল থেকে তিনি আর ৪৭ ধাপ দূরে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত