গাজীপুরের শ্রীপুরে হাতকড়াসহ পুলিশের কাছ থেকে স্বেচ্ছাসেবক লীগের এক নেতা কৌশলে পালিয়ে গেছেন। এ সময় অপর যুবলীগ নেতাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ।
গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া আনসার রোড এলাকায় এই ঘটনা ঘটে।
পালিয়ে যাওয়া ব্যক্তির নাম মনির হোসেন (৩৫)। তিনি গাজীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। গ্রেপ্তার ব্যক্তির নাম আমিনুল ইসলাম (৪০)। তিনি গাজীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল রাত সাড়ে ৯টর দিকে ধনুয়া কাঁচারিপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা মনির হোসেনকে আটক করে পুলিশ। একই সময় যুবলীগ নেতা আমিনুলকেও আটক করা হয়। পরে দুজনকে থানায় নেওয়ার পথে কৌশলে মনির হোসেন পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, ধনুয়া কাঁচারিবাড়ি মোড় এলাকায় মানুষের জটলা হলে পুলিশ দুজনকে সঙ্গে নিয়ে লোজজনের সঙ্গে কথা বলছিল। এরই মধ্যে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়াসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা মনির হোসেন পালিয়ে যায়। শ্রীপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম বলেন, একজন আসামি পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।
