গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গতকাল রবিবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে অংশগ্রহণ করেন আইএমএফের প্রতিনিধি দল, যার নেতৃত্ব দেন ক্রিস পাপাজর্জিউ, অ্যাডভাইজার টু দ্য বাংলাদেশ মিশন চিফ। বিএনপি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বিএনপি প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সাবেক সচিব ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বিশ্বব্যাংকের সাবেক সিনিয়র কর্মকর্তা ড. জিয়াউদ্দিন হায়দার এবং বিএনপির সংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
বৈঠকে বিএনপি প্রতিনিধি দল জোর দিয়ে উল্লেখ করে যে, বাংলাদেশের টেকসই অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে আর্থিক খাত, কর ব্যবস্থা এবং সামাজিক খাতের সংস্কার জরুরি। তারা বলেন, বিএনপি বিশ্বাস করে যে, একটি জবাবদিহিমূলক ও স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠা ছাড়া দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি সম্ভব নয়। আইএমএফ প্রতিনিধি দল বিএনপির প্রস্তাবিত নীতি-অগ্রাধিকার এবং সংস্কারভিত্তিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করে।
বৈঠকে আইএমএফের চলমান মিশনের পর্যালোচনামূলক প্রতিবেদনের প্রাথমিক ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনার মূল বিষয়গুলো ছিল মূল্য সংযোজন করের হরমোনাইজেশন এবং ছাড় হ্রাস বা বিলোপের নতুন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স; করপোরেট কর বৃদ্ধি করে জিডিপি-টু-ট্যাক্স রেভিনিউ অনুপাত উন্নত করা; ব্যাংকিং খাতের সংস্কার এবং সামাজিক খাতে ব্যয় বৃদ্ধি, যা বিএনপির নীতি অগ্রাধিকারের অংশ হিসেবে বৈঠকে বিশেষভাবে উপস্থাপিত হয়।
