জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভ্যাট রিফান্ড প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল করার লক্ষ্যে ‘অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল’ চালু করেছে।
সোমবার (১০ নভেম্বর) এনবিআরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই নতুন ব্যবস্থার মাধ্যমে করদাতারা এখন অনলাইনে ভ্যাট রিফান্ডের আবেদন করতে পারবেন এবং প্রাপ্ত অর্থ সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন।
এনবিআর জানায়, নতুন এই মডিউলের মাধ্যমে বিদ্যমান আইভ্যাস (ইন্টিগ্রেটেড ভ্যাট অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম) এবং অর্থ বিভাগের আইব্যাস++ সিস্টেমের মধ্যে আন্তঃসংযোগ স্থাপন করা হয়েছে। বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) থাকায় নতুন পদ্ধতিতে করদাতাদের আর ভ্যাট অফিসে গিয়ে রিফান্ডের আবেদন জমা দিতে বা চেক নিতে হবে না। এতে তাদের সময় ও অর্থ দুটোরই সাশ্রয় হবে এবং রিফান্ড প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত হবে।
এনবিআর আরও স্পষ্ট করে যে, পূর্বে দাখিলকৃত আইভ্যাস সিস্টেমে মূসক-৯.১ ফরমের মাধ্যমে পুনরায় আবেদন করতে হবে। ইতিমধ্যে সব ভ্যাট কমিশনারেটের কর্মকর্তা-কর্মচারীদের এই নতুন সিস্টেম ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
এনবিআর উল্লেখ করে যে, এই অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল চালু করার মাধ্যমে সংস্থাটির ডিজিটালাইজেশন কার্যক্রম আরও এক ধাপ এগিয়েছে। ভবিষ্যতে কার্যক্রম ধীরে ধীরে সম্পূর্ণ অটোমেশনের আওতায় আনার চেষ্টা অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
