পার্বতীপুর-সৈয়দপুরের ভোল্টেজ সঞ্চালন লাইনে ১৭ কিলোমিটার তার চুরি

আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০৩:১৪ পিএম

দিনাজপুরের পার্বতীপুর থেকে নীলফামারীর সৈয়দপুরের ৩৩ হাজার ভোল্টেজের গ্রিডের সঞ্চালনের লাইনের প্রায় ১৭ কিলোমিটার বৈদ্যুতিক তার চুরি হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার (৯ নভেম্বর) রাতে বিষয়টি জানাজানি হয়। 

সরেজমিনে দেখা গেছে, সৈয়দপুর গ্রিড থেকে উপজেলার চৌমুহনী বাজার থেকে পার্বতীপুর উপজেলার মুন্সিপাড়া, বেলাইচন্ডি বাজার, জাকেরগঞ্জ, বান্নিনরঘাট গ্রামের পেছনে ধান ক্ষেত হয়ে পার্বতীপুর-সৈয়দপুর আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাশ দিয়ে পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা হয়ে শহরে প্রবেশ করে ৩৩ হাজার ভোল্টেজ সঞ্চালন লাইন। এরপর পার্বতীপুর কেন্দ্রীয় বাসটার্মিনাল পূর্বদিক হয়ে সুন্দরীপাড়া রেলগেট হয়ে ৩৩ হাজার ভোল্টেজ সঞ্চালন লাইনের খুঁটি নেওয়া হয় পার্বতীপুর বিদ্যুৎ অফিসে। কিন্তু বর্তমানে এর লাইনের খুঁটিগুলো তার বিহীন অবস্থায় দাঁড়িয়ে আছে।

নাম প্রকাশ্যে অনিচ্ছুকের বেলাইচন্ডি বুড়িরঘাট এলাকাবাসীরা জানায়, কে বা কারা কারেন্টের তার নিয়ে গেছে। জন্মের পর থেকে বাড়ির পাশে ক্ষেতের খুঁটির ওপর দিয়ে তিন তার বিদ্যুতের সঞ্চালন লাইন দেখে আসছি। হঠাৎ দেখি খুঁটিতে তার নেই, ফাঁকা পড়ে আছে।

পার্বতীপুর নেসকো কর্তৃপক্ষ জানায়, উচ্চ ক্ষমতাসম্পন্ন এমন অ্যালুমিনিয়াম মার্টিন খোলা বাজারে তার পাওয়া যায় না। এতে সরকারের কোটি কোটি টাকা বিনিয়োগ করতে হয়েছে।

পার্বতীপুর বিক্রয় ও বিতরণ কেন্দ্র নেসকো কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী হাসিবুর রহমান জানান, পার্বতীপুর থেকে সৈয়দপুর ৩৩ হাজার ভোল্টেজের গ্রিডের সঞ্চালন বৈদ্যুতিক লাইনের তার চুরির ঘটনা ঘটছে। আমি ছুটিতে আছি। সোমবার অফিসে কথা বলবো।

এ বিষয়ে তথ্য চাইলে পার্বতীপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রের পার্বতীপুর আবাসিক প্রকৌশলী সত্যজিৎ দেব শর্মা জানান, সংশ্লিষ্ট বিষয়ে তথ্য জানাতে হলে অফিসে তথ্য অধিকার ফরম আছে, তা পূরণ করে তথ্য নিতে হবে।

এর আগে পার্বতীপুরে রেলপথে প্রায় ৬ হাজার নাট-বল্টু চুরির ঘটনা ঘটেছিল।   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত