কানাডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে শমিত সোমের দল ক্যাভালরি এফসির প্রতিপক্ষ ছিল আতলেতিকো অটোয়া। তবে দুই দলের জন্য প্রতিপক্ষ হয়ে ছিল আবহাওয়া। অটোয়ার টিডি প্লেস স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় দলের মিডফিল্ডার শমিত সোম ও তাঁর ক্লাব সতীর্থরা খেলেছেন মাইনাস ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
৯০ মিনিটে ১-১ সমতা থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে, সেখানেই নির্ধারণ হয় শিরোপা। আতলেতিকো অটোয়া জেতে ২-১ ব্যবধানে।
আবহাওয়ার কারণে বারবার বন্ধ হয়েছে খেলা। কনকনে শীতে খেলোয়াড়দের ড্রেসিংরুমে পাঠানো নিয়ে হয়েছে বিতর্কও। দুই ঘণ্টার খেলা শেষ হয়েছে শুরুর নির্ধারিত সময় থেকে চার ঘণ্টা পর। দ্য অ্যাথলেটিকের প্রতিবেদনে বলা হয়, মৌসুমের প্রথম বড় তুষারঝড় বইছিল কানাডার অন্টারিও প্রদেশজুড়ে। এদিন অটোয়ায় প্রায় ২০ সেন্টিমিটার তুষার জমা হয়।
কিক অফের বাঁশি বাজে ২০ মিনিট দেরিতে। অটোয়া কোচ দিয়েগো মেজিয়া তার বদলি খেলোয়াড়দের প্রথমে ড্রেসিংরুমেই থাকতে বলেন, যেন ঠান্ডা থেকে বাঁচা যায়। কিন্তু ক্যাভালরি কোচ আপত্তি তোলেন। এর মাধ্যমে অটোয়া বাড়তি সুবিধা নিচ্ছে বলে দাবি করেন তিনি। তবে খেলোয়াড়দের ড্রেসিংরুমে রাখা নিয়ে অটোয়া কোচ রেফারির কাছে যুক্তি তুলে ধরে বলেন, ফিফা ক্লাব বিশ্বকাপে যদি গরম থেকে বাঁচতে খেলোয়াড়দের ড্রেসিংরুমে রাখা যায়, তাহলে ঠান্ডা থেকে বাঁচতেও রাখা যাবে। তবে রেফারির নির্দেশে অটোয়া কোচ বদলি খেলোয়াড়দের বেঞ্চে ফিরিয়ে আনেন।
অবিরাম পড়তে থাকা ঘন তুষারের মধ্যে খেলোয়াড়েরা পাস দিতে পারছিলেন না, কমে যায় গতি। বল প্রায়ই আটকে যেতে থাকে। আর তুষারের মধ্যে পিছলে পড়ার আশঙ্কা তো ছিলই। অনেক সময় দর্শকও ঠিকঠাক বুঝতে উঠতে পারছিলেন না বল আসলে কোথায়। প্রথম ৯০ মিনিটের খেলায় রেফারি মোট পাঁচবার খেলা থামিয়ে মাঠ পরিষ্কার করানোর নির্দেশ দেন। তুষারের কারণে অতিরিক্ত সময়ের খেলাও দেরিতে শুরু হয়। এ সময় খেলা বন্ধ ছিল এক ঘণ্টা।
১০৫ মিনিটে গোল করে অটোয়াকে এগিয়ে দেন মেক্সিকান মিডফিল্ডার রদ্রিগেজ, যা শেষ পর্যন্ত আতলেতিকো অটোয়াকে কানাডা প্রিমিয়ার লিগের শিরোপা এনে দেয়। শমিত ক্যাভালরির শুরুর একাদশে নেমে খেলেছেন ১০৫ মিনিট পর্যন্ত। ফুটবলবিষয়ক ওয়েবসাইট সাইট ফুটমবের তথ্য বলছে, বাংলাদেশের এই মিডফিল্ডার লক্ষ্যে শট নিতে পেরেছেন একটি। পাস দিয়েছেন ৩০টি, জায়গামতো পৌঁছেছে ১৬টি।
মাইনাস ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অটোয়ায় খেলা শমিত মঙ্গলবার ঢাকায় এসে ১৩ নভেম্বর নেপাল এবং ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে খেলবেন।
ফ্লাইট মিস করে দেরিতে ঢাকায় হামজা, কাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন রবির
ফুটবল নিয়ে আসিফের বৈরী মন্তব্যে অসন্তোষ বাফুফের, বিসিবিকে চিঠি
হঠাৎ ক্যাম্প ন্যুয়ে মেসি, বললেন, 'একদিন আমি আবার ফিরব'