ফেনীতে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন, নারীর ক্ষমতায়ন ও বেগম খালেদা জিয়ার পক্ষে ধানের শীষের প্রচারণায় উঠান বৈঠক হয়েছে। গতকাল সোমবার দুপুরে পরশুরাম পৌরসভার ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে ৯ নম্বর ওয়ার্ডের মজুমদার বাড়িতে এ উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
জামায়াতকে উদ্দেশ্য করে আবদুস সালাম বলেন, ‘খালেদা জিয়া আপনাদের মন্ত্রী বানিয়েছেন, তার আমলে ব্যবসা-বাণিজ্য করে অনেকেই ব্যাংকের মালিক হয়েছেন। আজ জামায়াতের লজ্জা থাকা উচিত বেগম খালেদা জিয়ার আসনে প্রার্থী দেওয়ার জন্য। খালেদা জিয়ার প্রতি সম্মান দেখিয়ে প্রার্থী প্রত্যাহার করা উচিত। আমরা নির্বাচনে আপনাদের ভয় পাই না, কারণ আপনাদের জামানত থাকবে না।’
তিনি আরও বলেন, ‘যারা আমাদের সঙ্গে ছিল তাদের দুঃসময়ে পাশে ছিলেন বেগম খালেদা জিয়া। আজ সেই নেত্রীর আসনে প্রার্থী দিয়ে নির্বাচনের চ্যালেঞ্জ জানানো শোভন নয়। আমি বিশ্বাস করি, জামায়াত আমাদের কথা শুনবে এবং তাদের প্রার্থিতা প্রত্যাহার করবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, পরশুরাম উপজেলা বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি, পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউসুফ মাহফুজ, সদস্য সচিব মাহবুবুল হক মজুমদারসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
