প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এবার প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করা হবে। কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ভোটের গোপনীয়তা ও স্বচ্ছতা নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে প্রবাসীদের ভোট রিটার্নিং অফিসারের কাছে পৌঁছাবে। প্রথম চ্যালেঞ্জটা নতুনত্বের এখানে টুকটাক সমস্যা থাকতে পারে। সবাইকে সহযোগিতা করতে হবে এবং ভোটের গোপনীয়তা নিশ্চিত করতে হবে।
গতকাল সোমবার পোস্টাল ভোটিং, আউট অব কান্ট্রি ভোটিং (ওসিভি) পদ্ধতি বিষয়ে এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের প্রবাসী ভোটারদের সঙ্গে অনলাইনে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে নির্বাচন কমিশনার এসব কথা বলেন।
পোস্টাল ব্যালটে ভোট দেওয়া ও পাঠানোর প্রক্রিয়া ব্যাখ্যা করে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, প্রবাসীরা ভোট দেওয়ার পর ফেরত খাম আর নির্বাচন কমিশনে আসবে না; বরং সরাসরি রিটার্নিং অফিসারের কাছে যাবে। ডাক বিভাগ ঢাকায় খামগুলো সংগ্রহ করে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে পৌঁছে দেবে। দেশে ভোট গণনার দিন কেন্দ্রভিত্তিক প্রবাসীদের ভোটও গণনা করা হবে বলে জানান তিনি।
প্রবাসীদের উদ্দেশে কমিশনার সানাউল্লাহ বলেন, সঠিক তথ্য ও ঠিকানা দিয়ে নিবন্ধন করুন। চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা ও প্রতীক বরাদ্দের পর দ্রুততম সময়ে ভোট দিয়ে পাঠাতে হবে। সময়মতো ব্যালট না পৌঁছালে তা গণনায় নেওয়া হবে না।
আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আইন থাকার পরও বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে কখনোই প্রবাসীরা ভোট দিতে পারেননি। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর প্রধান উপদেষ্টা গত বছরের ১৬ ডিসেম্বর প্রবাসী ভাই-বোনদের কাছে প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছিলেন, এবার আমরা প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিত করতে চাই। এবার শুধু আশ্বাস নয়, আমরা এটা বাস্তবায়ন করতে চাই। এরপর ইসি কাজ শুরু করে। ডিসেম্বর মাস থেকে কাজ শুরু করে বিভিন্ন ধাপ অতিক্রম করে আমরা এখন চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছি। আগামী ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করা হবে।
দূতাবাস কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের মাধ্যমেই আমরা প্রবাসী বাংলাদেশিদের কাছে পৌঁছাচ্ছি। অনুরোধ, কমিউনিটিতে এ তথ্য জানিয়ে দিন। ১৮ নভেম্বর অ্যাপটি উদ্বোধন করা হবে। অ্যাপটি ডাউনলোড করে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
