শ্রীপুরে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ হারালেন প্রতিবন্ধী 

আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ০৩:২০ পিএম

গাজীপুরের শ্রীপুরে কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই আফসার উদ্দীন (৬০) নামে এক শারীরিক প্রতিবন্ধী প্রাণ হারিয়েছেন। তিনি তার নিজস্ব চালিত ইলেকট্রিক হুইলচেয়ারে করে প্রতিদিনের মত বাজারে যাওয়ার পথে এ দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারান।
 
মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে  শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের শ্রীপুর সরকারি কলেজ সংলগ্ন বাগমাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফসার উদ্দীন গোসিঙ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ডের পটকা পশ্চিমপাড়া গ্রামের জয়েদ আলীর ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শ্রীপুর চৌরাস্তা থেকে একটি কাভার্ডভ্যান দ্রুতগতিতে কাপাসিয়ার দিকে যাচ্ছিল। এ সময় গোসিংগার দিক থেকে আসা আফসার উদ্দীনের ইলেকট্রিক হুইলচেয়ারটি আচমকা পল্টি খেয়ে একাই রাস্তায় উল্টে যায়। এতে রাস্তায় পড়ে থাকা শারীরিক প্রতিবন্ধী আফসার উদ্দীন ওই কাভার্ডভ্যানের নিচে চাপা পড়েন। এরপর ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করে নেন।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিক জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে তবে চালক পালিয়ে গেছে। আমরা পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত