ইকুয়েডরের দক্ষিণাঞ্চলীয় একটি কারাগারে প্রতিদ্বন্দ্বী দুটি গোষ্ঠীর মধ্যে দাঙ্গায় অন্তত ৩১ জন বন্দি নিহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে ২৭ জনের মৃত্যু শ্বাসরোধ করে ও ফাঁসিতে ঝুলিয়েছে। ইকুয়েডরের কারা প্রশাসন সংস্থা ‘স্নাই’ এক বিবৃতিতে জানিয়েছে, গত রবিবার ভোরে মাচালা শহরের এল ওরো কারাগারে দুটি প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে ঘটনাটি ঘটে। এটি দক্ষিণ আমেরিকার দেশটিতে চলমান কারা-সহিংসতার সর্বশেষতম নৃশংস উদাহরণ।
কারা কর্র্তৃপক্ষ জানায়, বন্দিদের একটি নতুন নির্মিত কারাগারে স্থানান্তরের পরিকল্পনার জেরে এই দাঙ্গার সূত্রপাত হয়। স্থানীয় বাসিন্দারা কারাগারের ভেতর থেকে গুলি, বিস্ফোরণ এবং সাহায্যের জন্য চিৎকার শুনতে পান বলে জানান। পরে পুলিশের এলিট ফোর্স কারাগারে প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাম্প্রতিক বছরগুলোতে ইকুয়েডরের কারাগারগুলো মাদক পাচারকারী বিভিন্ন গোষ্ঠীর নিয়ন্ত্রণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ২০২১ সাল থেকে এ পর্যন্ত কারাগারগুলোতে দাঙ্গায় ৫০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।
