শোবিজ তারকাদের সমর্থনে আপ্লুত মিথিলা

আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৭:১৬ এএম

চলতি বছরের সেপ্টেম্বরে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জিতে নেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। সেই সঙ্গে অর্জন করেন ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ। আসন্ন থাইল্যান্ডে অনুষ্ঠেয় ‘মিস ইউনিভার্স ইন্টারন্যাশনাল’-এর ৭৪তম প্রতিযোগিতার মঞ্চে বাংলাদেশ থেকে লড়ছেন তিনি। ১২১টি দেশের সুন্দরীরা লড়ছেন শ্রেষ্ঠত্বের মঞ্চে। গত অক্টোবরের শেষ দিকে তিনি উড়াল দিয়েছেন থাইল্যান্ডে, যেখানে এখন চলছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতার প্রস্তুতি ও ভোটগ্রহণ কার্যক্রম। বিশে^র জানা গেছে, ইতিমধ্যে তিনি পেয়েছেন ৭০ হাজারেরও বেশি ভোট, যা তাকে যেমন বিস্মিত করেছে, তেমনি অনুপ্রেরণাও জুগিয়েছে। আগামী ২১ নভেম্বর হবে ‘মিস ইউনিভার্স ইন্টারন্যাশনাল’-এর গ্র্যান্ড ফিনালে। গত কয়েক দিনে একাধিক ইভেন্টে সেরা পাঁচে জায়গা করেছেন মিথিলা। শুধু তা-ই নয়, অনেকেই ভারত ও বাংলাদেশের প্রতিযোগীকে মিস ইউনিভার্স হওয়ার ক্ষেত্রে এগিয়ে রাখছেন, যেটা কি না দেশের জন্য একটি বড় ব্যাপার বলেও মনে করা হচ্ছে।

এদিকে মিথিলাকে এগিয়ে নিতে বাংলাদেশের অভিনয়শিল্পী ও মডেলরা সোশ্যাল মিডিয়ায় ভোট চাওয়ার প্রচারণা শুরু করেছেন। তাদের তালিকায় যুক্ত হয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। নিজের ফেসবুক পেজে জয়া আহসান লিখেছেন, ‘আমরা অনেকেই ফোনে স্ক্রল করে সময় ব্যয় করি। সে সময়ের সামান্য অংশটুকু ব্যয় করুন বাংলাদেশের জন্য। তানজিয়া জামান মিথিলাকে ভোট দিন। আপনার প্রতিটি ভোট বাংলাদেশ ও মিথিলার জন্য মূল্যবান। মিস ইউনিভার্স অ্যাপে গিয়ে “বাংলাদেশ” সিলেক্ট করুন, তারপর “এবঃ ঠড়ঃব” অপশন নির্বাচন করুন। একটি বিজ্ঞাপন ভিডিও দেখলেই বিনামূল্যে ভোট দেওয়া যাবে। আপনি এটি বারবার করতে পারেন। জয়ার পাশাপাশি রুনা খান, সামিরা খান মাহি, শবনম ফারিয়াসহ বেশ কয়েকজন তারকা মিথিলার পক্ষে ভোটের আহ্বান জানিয়েছেন।’

গতকাল মঙ্গলবার নিজের ফেসবুকে একটি পোস্ট করেন মিথিলা। সেখানে তিনি জানান, দেশের মানুষের সাপোর্ট ও উৎসাহে তিনি অনেক বেশি আনন্দিত। একই সঙ্গে আনন্দে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি। তানজিয়া জামান মিথিলা লিখেছেন, ‘আমি রীতিমতো কাঁদছি। কী বলব বুঝতে পারছি না। আপনাদের মূল্যবান ৭৩ হাজার ভোটের মাধ্যমে আমরা এখন বিশ্বের ৫ নম্বরে। আমি জানি না কীভাবে সবাইকে ধন্যবাদ জানাব।’

এরপর মিথিলা সব ভক্ত, ভাই, বোন, বন্ধু, আত্মীয়স্বজন, মাগুরার সব মডেল সহকর্মী, বাংলাদেশের চলচ্চিত্রশিল্পের সব শুভাকাক্সক্ষী, মিডিয়ার সব প্রতিবেদক ও সাংবাদিক, প্রভাবশালী ব্যক্তি, পরামর্শদাতা এবং সব শিক্ষক, সৌন্দর্য প্রতিযোগিতাপ্রেমী এবং অনুসারী এবং বিশেষ করে তার মা, বড় বোন এবং বাংলাদেশ মিস ইউনিভার্স দলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়েছেন। তিনি আরও লেখেন, ‘আমি তোমাদের সবার সঙ্গেই থাকব। এবার আসুন বাংলাদেশে মুকুট আনার জন্য কাজ করি। বাংলাদেশ অপ্রতিরোধ্য!!! মিস ইউনিভার্স।’

মিথিলা শুধু একজন মডেল বা অভিনেত্রীই নন, তিনি বাল্যবিয়েবিরোধী প্রচারণা এবং সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজের জন্যও পরিচিত। ২০২০ সালেও তিনি ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর খেতাব জিতেছিলেন, তবে কভিড-১৯-এর কারণে আন্তর্জাতিক আসরে অংশ নিতে পারেননি। ২০২৫ সালে আবার মুকুট জিতে তিনি গড়েছেন নতুন ইতিহাস।

মিস ইউনিভার্স বাংলাদেশের পরিচালক মুস্তাফা রফিকুল ইসলাম বলেন, ‘মিস ইউনিভার্স শুধু একটি সৌন্দর্য প্রতিযোগিতা নয়, এটি বুদ্ধিমত্তা, আত্মবিশ্বাস ও উদ্দেশ্য উদযাপনের বৈশ্বিক প্ল্যাটফর্ম। আমরা গর্বিত যে বাংলাদেশকে এই আসরে তুলে ধরতে পারছি। এটি শুধু তরুণীদের অনুপ্রাণিত করে না, বরং বিশ্বমঞ্চে তাদের প্রতিভা ও মনোবল প্রদর্শনের নতুন দ্বার উন্মোচন করে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত