সেনাপ্রধান বললেন

সমন্বিত সক্ষমতা বাড়ানোই মূল লক্ষ্য

আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৭:৩৯ এএম

আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে পেশাগত দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল মঙ্গলবার খুলনার জাহানাবাদ সেনানিবাসে অনুষ্ঠিত আর্মি সার্ভিস কোরের (এএসসি) ৪৪তম বার্ষিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সেনাপ্রধান বলেন, ‘আর্মি সার্ভিস কোর দেশের সশস্ত্র বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ ও গৌরবময় সংগঠন। দেশমাতৃকার সেবায় এই কোরের অবদান অনন্য ও অনস্বীকার্য। দায়িত্ব, শৃঙ্খলা ও দক্ষতার সমন্বয় ঘটিয়ে সেনাবাহিনীর সামগ্রিক সক্ষমতা বৃদ্ধি করাই আমাদের মূল লক্ষ্য। তিনি কোরের সদস্যদের দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রেখে সময়োপযোগী প্রশিক্ষণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে নিজেদের সক্ষমতা আরও উন্নত করার নির্দেশনা দেন। সেনাপ্রধান আর্মি সার্ভিস কোরের প্রযুক্তি গত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

এর আগে জেনারেল ওয়াকার-উজ-জামান এএসসি সেন্টার অ্যান্ড স্কুলে (এএসসিসিঅ্যান্ডএস) পৌঁছালে তাকে স্বাগত জানান আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক), ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়ার এরিয়া কমান্ডার এবং কমান্ড্যান্ট, এএসসিসিঅ্যান্ডএস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিওসি, আর্টডক, মহাপরিচালক, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ), জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া, চেয়ারম্যান, সেনা কল্যাণ সংস্থা, সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, কমান্ড্যান্ট, এএসসিসিঅ্যান্ডএস; আর্মি সার্ভিস কোরের বিভিন্ন ইউনিটের অধিনায়ক এবং গণমাধ্যম প্রতিনিধিরা। সম্মেলনে আর্মি সার্ভিস কোরের কার্যক্রম, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত