টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি বিষয়ক একদিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে সখীপুর উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল্লাহ আল রনী। এ সময় উপস্থিত ছিলেন জেলা ম্যানেজার সাইয়্যেদ আহমেদ, উপজেলা সমন্বয়কারী শাহরেজা আমিন প্রমুখ।
প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্যানেল চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটররা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি (ইউএনও) আবদুল্লাহ আল রনী বলেন, ডিএমআইই পদ্ধতি প্রশাসনিক কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করবে। এই পদ্ধতি স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, তদারকি ও মূল্যায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে। মাঠপর্যায়ের কর্মকর্তারা যদি এই পদ্ধতিকে দক্ষতার সঙ্গে প্রয়োগ করতে পারেন, তবে উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল ও ফলপ্রসূ হবে।
তিনি আরও বলেন, আধুনিক প্রশাসনিক ব্যবস্থায় তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা ডিএমআইই পদ্ধতির মূল কাঠামো, কার্যপদ্ধতি ও বাস্তব প্রয়োগ সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।
