বিশ্ববিদ্যালয়কে সংকটে রেখে আমি চলে যাব না: ড. নিয়াজ আহমেদ খান

আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ০৬:৪৬ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান ডেনমার্কে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ার সম্ভাবনা নিয়ে মন্তব্য করেছেন। 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ায় আলোচনার সৃষ্টি হয়েছে। তবে ড. নিয়াজ জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে এখনও কোনো প্রস্তাব তার কাছে আসেনি।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) গণমাধ্যমকে তিনি বলেন, আমার কাছে এখন পর্যন্ত কোনো প্রস্তাব আসেনি। যদি আসে, আমি তা বিবেচনা করে দেখব। 

আমি বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়েছি দেশের একটি গুরুত্বপূর্ণ সময়ে। আমি দায়িত্ব পালনের মাধ্যমে এমন একটি উদাহরণ স্থাপন করতে চাই, যাতে পরবর্তীরা বলতে পারে ‘আপনি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিলেন’। বিশ্ববিদ্যালয়কে সংকটে ফেলে আমি দায়িত্ব ছাড়ব না।

অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানকে রাষ্ট্রদূত করার বিষয়ে সংবাদে বলা হয়েছে, সরকার তাকে আনুষ্ঠানিকভাবে কোপেনহেগেনে পাঠানোর জন্য চিঠি (এগ্রিমো) দিয়েছে। এখন ডেনমার্ক সরকারের অনুমোদন পাওয়ার অপেক্ষা রয়েছে। পরিকল্পনা অনুযায়ী সবকিছু ঠিক থাকলে আগামী তিন মাসের মধ্যে তিনি দায়িত্ব গ্রহণ করতে পারেন।

সংবাদে আরও বলা হয়েছে, শুধু ড. নিয়াজ আহমেদ খান নয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ঘনিষ্ঠ তিনজন সহযোগীকেও রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের প্রস্তাব দেয়া হচ্ছে। তারা হলেন—এসডিজি বিষয়ক দূত লামিয়া মোর্শেদ, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুতফে সিদ্দিকী এবং তার বোন হুসনা সিদ্দিকী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত