ঢাবি অধ্যাপক এরশাদ হালিমের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ০৫:৫৪ পিএম

ছাত্র যৌন হয়রানির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এরশাদ হালিমের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত। 

শুক্রবার (১৪ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানিতে এই আদেশ দেন।

গত বৃহস্পতিবার রাত প্রায় ১১টায় শেওড়াপাড়ায় অধ্যাপক এরশাদ হালিমের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানার পুলিশ। পরে তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান মিলন তাকে আদালতে হাজির করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের নয়জন পুরুষ শিক্ষার্থী মিরপুর মডেল থানায় এই মামলাটি দায়ের করেন। মামলার বাদীরা অভিযোগ করেন যে অধ্যাপক এরশাদ হালিম তাদের সাথে অনাকাঙ্ক্ষিত আচরণ করেছেন।

আসামিপক্ষের আইনজীবী আদালতে উল্লেখ করেন যে মামলাটি ঘটনার এক মাস পর দায়ের করা হয়েছে এবং এজাহারে অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা উল্লেখ থাকলেও স্পষ্টভাবে কোনো ঘটনা বর্ণনা করা হয়নি। এছাড়াও তারা দাবি করেন যে অধ্যাপক হালিম তার শিক্ষকতা ও গবেষণার জন্য পরিচিত এবং তিনি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিভাগীয় রাজনীতির শিকার হয়েছেন।

শুনানি শেষে আদালত অধ্যাপক হালিমের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত