বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী বলেছেন, ধানের শীষ উন্নয়ন অগ্রগতির ও সমৃদ্ধির প্রতীক। তাই আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় কমলগঞ্জ উপজেলার তেতইগাঁও রশীদ উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৩১ দফা কর্মসূচি ও উপজেলার আদমপুর ইউনিয়ন বিএনপির সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।
হাজী মুজিব বলেন, দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা কর্মসূচি ঘোষণা দিয়েছেন। এই কর্মসূচি শুধু একটি রাজনৈতিক অঙ্গীকার নয় বরং বাংলাদেশের প্রতিটি মানুষের ভোটাধিকার, নাগরিক অধিকার ও অর্থনৈতিক মুক্তির রূপরেখা। এই কর্মসূচিসমূহ বাস্তবায়ন করতে হলে এবং শ্রীমঙ্গল-কমলগঞ্জের সার্বিক উন্নয়নের জন্য অতীতের সকল ভেদাবেদ ভুলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ থেকে বিপুল ভোটে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে।
উপজেলা বিএনপির সদস্য ও সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক নজরুল ইসলাম মনিরের সভাপতিত্বে ও আদমপুর ইউনিয়নের সহ-সমন্বয়ক আমিনুল ইসলাম ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. ওয়াছিদ মিয়ার যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. দুরুদ আহমদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমেদ খান, যুগ্ম আহ্বায়ক মো.আবুল হোসেন, কমলগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সোয়েব আহমেদ, যুগ্ম আহ্বায়ক প্রত্যুষ ধর, উপজেলা বিএনপির সদস্য তাজউদ্দীন আহমদ তাজু প্রমুখ।
