নারায়ণগঞ্জ শহরের মাসদাইরে স্থানীয় কৃষকদল নেতাকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। একই সাথে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করা হয় ওই ব্যক্তিকে।
আহত মাসদাইর এলাকার বাসিন্দা ১৩ নং ওয়ার্ড কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মো. নাহিদুর রহমান পারভেজকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পারভেজের এলাকায় কনফেকশনারি দোকান ও ইন্টারনেট ব্যবসা রয়েছে। শনিবার দুপুরে শহরের মাসদাইর বেগম রোকেয়া স্কুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পারভেজ বলেন, মাসদাইর বাজার থেকে আসার পথে বেগম রোকেয়া স্কুলের সামনে দাঁড়িয়ে একজনকে দেখছিলাম। এ সময় বুইট্টা মাসুদ বলে তাকিয়ে রয়েছিস কেন? এই কথা বলেই অস্ত্র বের করে গুলি করে দিলো। বলতে থাকে তুই কে? এরপর পিছন থেকে দৌড়ে এসে রিপন ধারালো সুইচ গিয়ার দিয়ে হাতের মধ্যে ছুরিকাঘাত করে। আরেকজন জাহিদ এসে লোহা দিয়ে মাথায় বাড়ি দেয়। সেই সাথে বুইট্টা মাসুদ আবার গুলি করে। আমি দৌড়ে চলে আসি।
তিনি বলেন, আমি শুনেছি এই গলিতে বুইট্টা মাসুদরা মাদক ব্যবসা করে। এইজন্য তারা মনে করছে আমি তাদের দেখছি। কিন্তু আমি এখানে দাঁড়িয়ে অন্যজনকে দেখছিলাম। আমি এর বিচার চাই।
পারভেজের মা মোকারিমা বলেন, তারা আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল। আমি এ ঘটনার বিচার চাই।
ফতুল্লা থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, আমি নিজে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে এসেছি। আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, স্কুলটির সামনে এর আগেও প্রকাশ্যে মাদক বিকিকিনির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। সম্প্রতি সেখানে মাদক বিরোধী অভিযানে গিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নারায়ণগঞ্জ অফিসের কর্মকর্তারা হামলার শিকার হন। তাদের হাতে আটক হওয়া ৪ শীর্ষ মাদক বিক্রেতাকে ছাড়িয়ে নিয়ে যায় সহযোগী মাদক বিক্রেতারা। এছাড়া সেখানে একাধিকবার পুলিশের উপরেও হামলার ঘটনা ঘটে।
