বাংলাদেশ বিলবোর্ড অ্যাডভারটাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক হয়েছে। আনুষ্ঠানিকভাবে ২০২৫-২৭ মেয়াদি নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করল। কমিটির সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক কাজী ইকবাল হোসেন চৌধুরী। গতকাল বাংলাদেশ বিলবোর্ড অ্যাডভারটাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের ২০২৫-২৭ মেয়াদের নবনির্বাচিত কমিটির অভিষেক রাজধানীর গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞাপনী খাতের শীর্ষ গ্রাহক, আউটডোর মিডিয়া উদ্যোক্তা, সিটি করপোরেশন ও সরকারি সংস্থার প্রতিনিধিরা।
সংগঠনটির সভাপতি মোহাম্মদ মিজানুর রহমানের এই কমিটি বিলবোর্ড ও আউটডোর বিজ্ঞাপন খাতের দীর্ঘদিনের সমস্যা চিহ্নিত করে তার বাস্তবসম্মত সমাধানের প্রস্তাবনা উপস্থাপন করে। বাংলাদেশের আউটডোর বিজ্ঞাপন শিল্প দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও ব্র্যান্ড কমিউনিকেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
নতুন কমিটি সিটি করপোরেশন ও অন্যান্য সরকারি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে একটি একক অনুমোদন প্রক্রিয়া চালুর জন্য উদ্যোগ নেবে বলে জানিয়েছে। গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক উন্নয়ন ও সুষ্ঠু ব্যবসায়িক আচরণের মানদন্ড স্থাপনে কাজ কারারও প্রতিশ্রুতি দেওয়া হয়। অ্যাসোসিয়েশনের সদস্যদের ব্যবসা সম্প্রসারণ ও বৈধ কাঠামোর আওতায় ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় নীতিকাঠামো তৈরি ও প্রশিক্ষণ প্রদান করবে।
বক্তারা বলেন, বাংলাদেশে আউটডোর বিজ্ঞাপনের আধুনিকীকরণ, প্রযুক্তিনির্ভর তথ্য সংগ্রহ এবং পরিবেশবান্ধব বিলবোর্ড স্থাপনের মাধ্যমে এ খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে।
