মেসির নামে হচ্ছে বার্সেলোনার নতুন স্টেডিয়ামের নামকরণ!

আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ০৯:৪৩ পিএম

লিওনেল মেসিকে সম্মান জানাতে ঐতিহাসিক এক সিদ্ধান্ত নিতে পারে বার্সেলোনা। কাতালান গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ক্লাবের নবনির্মিত স্টেডিয়ামের নামের সঙ্গেই যুক্ত হতে পারে আর্জেন্টাইন কিংবদন্তীর নাম। ক্লাবের সর্বকালের সেরা ফুটবলারদের তালিকায় শীর্ষে থাকা মেসির অসামান্য অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে এই উদ্যোগ বিবেচনা করছে বার্সা।

বর্তমানে বার্সেলোনার স্টেডিয়ামটির সরকারি নাম ‘স্পটিফাই ক্যাম্প ন্যু’। তবে মার্কা– জানিয়েছে, ক্লাবটি স্টেডিয়ামের নামের সঙ্গে যোগ করতে চায় আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসির নাম। প্রস্তাবিত নাম: ‘স্পটিফাই ক্যাম্প ন্যু লিও মেসি’।

শুধু নাম বদল নয়, বার্সেলোনা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা নাকি স্টেডিয়ামের বাইরে মেসির একটি ভাস্কর্য নির্মাণের কথাও ভাবছেন। ক্লাবের সর্বোচ্চ গোলদাতাকে স্থায়ী শ্রদ্ধা জানানোর জন্যই এই পরিকল্পনা।

স্টেডিয়ামের সম্ভাব্য নাম পরিবর্তনের খবরটি আসে মেসির এক চমকপ্রদ সফরের পরপরই। গেলো সপ্তায় হঠাৎই নবনির্মিত ক্যাম্প ন্যুতে হাজির হয়েছিলেন বিশ্বকাপজয়ী মেসি। নিজের পুরনো বাড়িতে ফিরে আবেগঘন বার্তা ও কিছু ছবি পোস্ট করেন তিনি। ২০২১ সালের আগস্টে বার্সা ছাড়ার পর এই প্রথম ক্যাম্প ন্যুতে পা রাখলেন মেসি।

১৭ মৌসুমে বার্সেলোনার জার্সিতে ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন মেসি। ক্লাবের হয়ে তার গোলসংখ্যা ৬৭২, অ্যাসিস্ট ৩০৩—যা ফুটবল ইতিহাসেই এক বিস্ময়। খেলেছেন ৭৭৮ ম্যাচ, জিতেছেন চারটি চ্যাম্পিয়নস লিগ, ১০টি লা লিগাসহ অসংখ্য ব্যক্তিগত পুরস্কার।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত