অটোরিকশার মোটরে ওড়না পেঁচিয়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন

আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ১২:১১ এএম

শরীয়তপুরের ডামুড্যায় অটোরিকশার মোটরে ওড়না পেঁচিয়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে নাসিমা বেগম (৩২) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুতুবপুর এলাকার ডামুড্যা-শরীয়তপুর সদর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নাসিমা বেগম উপজেলার দাইমি চর ভয়রা এলাকার আসাদ হাওলাদারের স্ত্রী। তিনি ঢাকায় পোশাক শ্রমিকের কাজ করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল সকালে ডামুড্যা দাইমি চর ভয়রা এলাকা থেকে ছেলেকে সঙ্গে নিয়ে ঢাকার উদ্দেশে অটোরিকশায় করে শরীয়তপুর সদরে যাচ্ছিলেন নাসিমা। পথে কুতুবপুর এলাকায় নাসিমার শরীরে থাকা ওড়না অটোরিকশার পেছনের মোটরে পেঁচিয়ে গেলে তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনা দেখে নাসিমার ৯ বছরের ছেলে আয়ন অচেতন হয়ে পড়ে।

ডামুড্যা থানার ওসি হাফিজুর রহমান মানিক বলেন, গত রবিবার নাসিমার ছেলের আকিকার অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান শেষ করে সোমবার সকালে ছেলেকে নিয়ে ঢাকা যাচ্ছিলেন নাসিমা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত