ভারতীয় নাগরিকদের জন্য ভিসানীতিতে পরিবর্তন এনেছে ইরান। ভারতীয়দের জন্য আগে যে ভিসামুক্ত প্রবেশের সুবিধা ছিল, তা স্থগিত করেছে ইরান সরকার। সাম্প্রতিক মাসগুলোয় বেশ কিছু ভারতীয়কে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে ইরানে পাঠানো, সেখানে পাচার করা এবং পরে মুক্তিপণ আদায়ের জন্য অপহরণের ঘটনা সামনে আসার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ২২ নভেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। সেদিন থেকে সাধারণ পাসপোর্টধারী সব ভারতীয় নাগরিকের ইরানে প্রবেশ ও ট্রানজিটের জন্য ভিসা লাগবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংগঠিত মানব পাচার চক্র যেন এই ভিসামুক্ত সুবিধার অপব্যবহার করতে না পারে, সেই লক্ষ্যে এই সিদ্ধান্ত।
এ বছরের শুরুর দিকে দিল্লির উত্তর-পশ্চিমের করালা এলাকার ২৬ বছর বয়সী এক যুবককে ইরানে অপহরণ করে আটকে রাখার ঘটনা প্রকাশ্যে আসে। হিমাংশু মাথুর নামে ওই যুবক এক সপ্তাহ বন্দি ছিলেন। পরিবার ২০ লাখ রুপি মুক্তিপণ দেওয়ার পর তাকে ছাড়া হয়।
