‘সোনালি আঁশ টিকিয়ে রাখতে পলিথিন পরিহার করতে হবে’

আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ০২:৫৪ পিএম

পাট একটি অর্থকরী ফসল। কালের বিবর্তনে ‘সোনালি আঁশ’ খ্যাত পাট তার অতীত ঐতিহ্য হারিয়েছে। পাটের স্থান দখল করছে নিষিদ্ধ পলিথিন। কিন্তু দেশ-বিদেশে পাটের অনেক চাহিদা রয়েছে। বাংলাদেশ এখনো পাট রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে। তাই সোনালি আঁশকে টিকিয়ে রাখতে হলে পলিথিনের ব্যবহার পরিহার করতে হবে। সোনালি আঁশ পাট যাতে আবারও অর্থকরী ফসল হতে পারে, এজন্য সরকার কাজ করছে বলে জানান ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান।

বুধবার (১৯ নভেম্বর) ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে পাটবীজ উৎপাদনকারী চাষিদের প্রশিক্ষণ ও পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহারে ক্রেতাদের উদ্বুদ্ধকরণ কর্মসূচিতে তিনি এ বক্তব্য দেন। 

উপজেলা পাট অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা যায়, 'পলিথিনের ব্যবহার পরিহার করি, পাট পণ্যের বাংলাদেশ গড়ি' এই স্লোগানকে সামনে রেখে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন "উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ" শীর্ষক প্রকল্পের আওতায় পাট চাষিদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে ৭৫ জন পাট চাষিদের মাঝে দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়। 

প্রশিক্ষণ কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাপতিত্বে এবং উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. শামীম আহমেদের সঞ্চালনায় প্রশিক্ষণে উপস্থিত ছিলেন পাট অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের সহকারী পরিচালক শিমু আক্তার, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদুজ্জামান খান, উপজেলা কৃষি অধিদপ্তরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াহেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তানিয়া আক্তার প্রমুখ। প্রশিক্ষণ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাটচাষিগণ অংশ নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত