জাতীয় সম্পদ হস্তান্তর ঠেকাতে গণআন্দোলনের ডাক সিপিবির

আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ০৬:৪০ এএম

বন্দরসহ কৌশলগত জাতীয় সম্পদ বহুজাতিক কোম্পানির কাছে হস্তান্তরের ‘তড়িঘড়ি অপচেষ্টা’র বিরুদ্ধে সর্বাত্মক গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। গতকাল বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে দলের সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন এ আহ্বান জানান।

বিবৃতিতে নেতারা অভিযোগ করেন, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানিকে হস্তান্তরের প্রক্রিয়া, লালদিয়া চরে নতুন টার্মিনালের নকশা, নির্মাণ ও পরিচালনার জন্য ডাচ কোম্পানির সঙ্গে ৩৩ বছরের কনসেশন চুক্তি এবং পানগাঁও নৌ-টার্মিনাল ২২ বছরের জন্য সুইস কোম্পানিকে দেওয়ার সিদ্ধান্ত ক্ষমতাসীন অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক এখতিয়ারবহির্ভূত।

তারা বলেন, দেশের উৎপাদন, বাণিজ্য ও অর্থনীতির সঙ্গে যুক্ত সবাই বন্দরে দ্রুত, দক্ষ ও সাশ্রয়ী পরিষেবা চান। এর জন্য প্রয়োজন দুর্নীতিমুক্ত ব্যবস্থাপনা, আধুনিক অবকাঠামো, প্রযুক্তি উন্নয়ন, স্বল্প মাশুল এবং নির্ভরযোগ্যতা; যা নিজস্ব সক্ষমতা বৃদ্ধির মাধ্যমেই অর্জন করা সম্ভব। নিজস্ব দক্ষতা-সক্ষমতা না বাড়িয়ে বিদেশি কোম্পানির কাছে কৌশলগত সম্পদ তুলে দেওয়া আত্মনির্ভরতার পথে বাধা।

সিপিবি দাবি করে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০০৭ সাল থেকে প্রায় ২ হাজার ৭১২ কোটি টাকা বিনিয়োগে গড়ে তুলেছে লাভজনক নিউমুরিং টার্মিনাল। সেখানে প্রতি একক কনটেইনারে প্রায় ১১৫ ডলার আয় হয়। চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর তিন মাসে টার্মিনাল দিয়ে ৩ লাখ ৪২ হাজার ৬৪৯ টিইইউ পণ্য খালাস হয়েছে। এত আয় সত্ত্বেও নিজস্ব অর্থায়নে আধুনিকীকরণ না করে বিদেশি কোম্পানিকে সুবিধা দেওয়ার কারণ স্পষ্ট নয়, মন্তব্য করেন নেতারা।

বিবৃতিতে লালদিয়া টার্মিনালের ক্ষেত্রে মায়ের্সক গ্রুপ এবং পানগাঁও টার্মিনালের ক্ষেত্রে মেডলগ এসএ-এর সঙ্গে সম্পন্ন চুক্তির বৈধতা নিয়ে প্রয়োজনে আদালতে যাওয়ারও কথা বলেন তারা। ভূরাজনৈতিক প্রেক্ষাপটে ডাচ কোম্পানির প্রস্তাব জমার মাত্র দুই সপ্তাহের মধ্যে চুক্তি করা গভীর প্রশ্নের জন্ম দেয় বলেও মন্তব্য করেন সিপিবি নেতারা।

বহুজাতিক প্রতিষ্ঠানের কাছে চট্টগ্রাম বন্দরের লাভজনক টার্মিনাল হস্তান্তরের বিরুদ্ধে আসন্ন আন্দোলন কর্মসূচিগুলোও বিবৃতিতে ঘোষণা করা হয়। ২৩ নভেম্বর দেশব্যাপী বিক্ষোভ, ৪ ডিসেম্বর যমুনা যাত্রা এবং ২২ নভেম্বর চট্টগ্রামে শ্রমিক-কর্মচারীদের কনভেনশন থেকে ঘোষিত বৃহত্তর কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত