গাজীপুরে ভূমিকম্পে আতঙ্কিত হয়ে ভবন থেকে নামতে গিয়ে নারী পুরুষসহ অন্তত শতাধিক শ্রমিক আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।শুক্রবার ( ২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে শহরের মাহনগরীর চান্দনা চৌরাস্তা, টঙ্গী ও শ্রীপুরে পোশাক কারখানা থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে এই আহতের ঘটনা ঘটে।
এসময় টঙ্গী স্টেশন রোড এলাকায় একটি ছয়তলা ভবন হেলে পড়েছ। টঙ্গীতে কিশোর উন্নয়ন কেন্দ্রে ৩০জন নিবাসী আহত হন। তাদের কিশোর উন্নয়ন কেন্দ্রের নিজস্ব চিকিৎসালয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। কেন্দ্রের তত্ত্বাবধায়ক এমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকার জালাল উদ্দিন হাসপাতালের চিকিৎসক রাশেদুল হাসান রানা জানান, ভূমিকম্পের ফলে অনেকে আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে বেশকিছু পোশাশ শ্রমিকও চিকিৎসা নেন।
টঙ্গী স্টেশন রোড এলাকার স্থানীয় এক বাসিন্দা আলাউদ্দিন বলেন, স্টেশন রোডে একটি ছয় তলা ভবন কাত হয়ে আরেকটি ভবনের ফেলে পড়ে। ভবনটির বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক আব্দুস সালাম জানান, এ হাসপাতালে ৫৬ জন ভর্তি করা হয়েছে। এর মধ্যে নারী ও শিশু রয়েছে। ২৯জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মামুন বলেন, ভূমিকম্পের ফলে তাৎক্ষণিক তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর আমাদের কাছে আসেনি।
