৪৭তম ইবি দিবস উদযাপিত

আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ০৭:০৪ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উদ্যাগে জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, কেক কাটা, পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। 

পরে উপাচার্যের নেতৃত্বে সকল বিভাগ ও  নিজ নিজ হলের ব্যানারে আনন্দ শোভাযাত্রা অংশ নেয় শিক্ষার্থীরা। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ১৯৭৯ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। আমরা প্রত্যেক বছর এই দিনটিকে প্রতিষ্ঠা বার্ষিকীহিসেবে উদযাপন করি। ইসলামী বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা অব্যাহত রেখে সুনামকে অক্ষুণ্ণ রাখবে। শিক্ষা, নিরাপত্তার ও পরিবেশগত সব দিক থেকেই এই বিশ্ববিদ্যালয় একটি আদর্শ বিশ্ববিদ্যালয় হিসেবে বাংলাদেশে তার অগ্রযাত্রাকে অব্যাহত রাখবে।

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। দুপুর ১২টায় মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হলে তা বর্জন করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। পরে প্রতিবাদস্বরুপ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। 

দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. আলীনুর রহমান বলেন, বাজেট সীমাবদ্ধতার কারণে সব আয়োজন করা সম্ভব হয়নি। ভুল-ত্রুটি থাকতে পারে, তবে আগামীতে বড় পরিসরে আয়োজনের আশা করা যাচ্ছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত