খুলনায় গোলাম পরওয়ার

প্রশাসন একটি দলের নির্দেশনা মানছে

আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ০৭:০১ এএম

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করে বলেছেন, নির্বাচনের জন্য এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। প্রশাসন একটি দলের নির্দেশনা মানছে। গতকাল শনিবার সকালে খুলনার খানজাহান আলী থানার আটরা গিলাতলা ইউনিয়নের নারী ভোটার সমাবেশে বক্তব্য শেষে গণমাধ্যমের কাছে এমন অভিযোগ করেন তিনি। আটরা গিলাতলা ইউনিয়নের আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ মহিলা ভোটার সমাবেশ হয়। ওয়ার্ড সভাপতি মাওলানা সরোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন মিয়া গোলাম পরওয়ার। পরওয়ার অভিযোগ করে বলেন, প্রধান উপদেষ্টাকে মিসগাইড করা হচ্ছে। তবে বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে অন্তর্বর্তী সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে এমন দাবি করেন তিনি। তিনি বলেন, বিদ্যমান পরিস্থিতিতে আগে গণভোট হওয়া উচিত। জাতীয় নির্বাচনের দিন গণভোট হলে ভোটাররা বিভ্রান্তির মধ্যে পড়বে। এ দাবি আদায়ে বিভাগীয় শহরগুলোয় বিভাগীয় সমাবেশের আয়োজন করা হবে।

এদিকে সন্ধ্যায় ফুলতলা সদর ইউনিয়নের ঢাকুরিয়া সরকারি স্কুল মাঠে অনুষ্ঠিত ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় মিয়া গোলাম পরওয়ার বলেন, তরুণরাই আগামী নির্বাচনে সরকার গঠনে মুখ্য ভূমিকা পালন করবে। প্রায় ১৩ কোটি ভোটারের সাড়ে ৪ কোটি তরুণ ভোটার। তাদের ভোটে নির্বাচিত হবে আগামীর সরকার। সুতরাং তরুণদের পালস্ বুঝে সবাইকে রাজনীতি করতে হবে। এই তরুণরাই ফ্যাসিবাদী সরকারকে হটিয়ে আমাদের নতুন করে মুক্তি এনে দিয়েছে। তাই যারা তরুণদের চাওয়া বুঝতে ব্যর্থ হবে তারাই আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে। জামায়াত এই জেনজির আকাক্সক্ষাকে সামনে রেখে রাজনীতি করতে চায়। তিনি বলেন, আমরা ন্যায় ও ইনসাফের একটা কল্যাণকর রাষ্ট্র গড়তে চাই যেখানে শিশু, কিশোর থেকে শুরু করে তরুণ, বৃদ্ধ, নারী-পুরুষসহ সব শ্রেণিপেশার মানুষের চাহিদা পূরণ হবে। যেখানে চাঁদার জন্য আর কাউকে জীবন দিতে হবে না, বেকারত্বের অভিশাপ নিয়ে আর কাউকে আত্মহত্যা করতে হবে না। তাই আগামী নির্বাচনে আপনারা দল, মত, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে কাক্সিক্ষত রাষ্ট্র গড়তে সাহায্য করুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত