জাতীয় সংসদ নির্বাচন হবে কি না, তা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। গতকাল শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা মাঠে এক জনসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
রুমিন ফারহানা বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন নিয়ে স্বাভাবিকভাবেই একটি ভয়-ভীতির পরিবেশ রয়েছে। কারণ বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল তাদের নানা দাবিদাওয়া নিয়ে সামনে আসছে। তারা কখনো বলছে, নিম্নকক্ষে পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) না হলে নির্বাচনে অংশ নেবে না, কখনো বলছে, নির্বাচনের আগে গণভোট না হলে তারা নির্বাচনে যাবে না, আবার কখনো বলছে, জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধ না করা হলে নির্বাচনে অংশগ্রহণ করবে না। এমন পরিস্থিতিতে নির্বাচনকে ঘিরে একটি অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।’ তিনি আরও বলেন, ‘স্বাধীনতার ৫৩ বছর পরেও যারা সরকারে না থেকে সরকারি সুযোগ-সুবিধা ভোগ করছে, তাদের অনেকেই সেই সুযোগ-সুবিধা ছাড়তে রাজি নয়। ফলে নির্বাচন নিয়ে মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে। ’
এ ছাড়া তার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে বিএনপি এখনো কোনো প্রার্থী ঘোষণা না করায় তিনি স্বতন্ত্র প্রার্থী হবেন কি না এমন প্রশ্নের জবাবে রুমিন ফারহানা জানান, বিগত ১৭ বছর ধরে তিনি মজলুম ও নির্যাতিত মানুষের পাশে থেকে কাজ করে গেছেন। সব সময় দল এবং দলের নেতাকর্মীদের পাশে ছিলেন। তাই দল ও নেতাকর্মীদের সিদ্ধান্তই হবে তার সিদ্ধান্ত। তাদের সিদ্ধান্তের ওপরই নির্ভর করবে তার রাজনীতি কোন পথে এগোবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের’ ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পানিশ্বর ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনগুলো এই জনসভার আয়োজন করে।
