হাসিনা-কামালকে প্রত্যর্পণের জন্য ভারতকে চিঠি

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ০৭:১৯ এএম

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদ-ে দ-িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে হস্তান্তরের জন্য ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন দুই দেশের মধ্যকার প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাদের হস্তান্তরের জন্য গত শুক্রবার একটি কূটনৈতিক পত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন গতকাল রবিবার জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতকে শুক্রবার চিঠি দেওয়া হয়েছে।

ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) ২০২৪ সালের জুলাই হত্যাকা-ের ঘটনায় মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে গত ১৭ নভেম্বর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদন্ড দেয়।

শেখ হাসিনা ২০০৯ সাল থেকে টানা প্রায় ১৬ বছর প্রধানমন্ত্রী ছিলেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট তার সরকারের পতনের পর তিনি ভারতের দিল্লিতে আশ্রয় নেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, আসাদুজ্জামান খান কামালও বর্তমানে ভারতে অবস্থান করছেন।

আইসিটির রায়ের পর অনতিবিলম্বে তাদের বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে আহ্বান জানায়। এতে বলা হয়, মানবতাবিরোধী অপরাধে দ-প্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায়বিচারের প্রতি অবজ্ঞার শামিল। দুই দেশের মধ্যে থাকা প্রত্যর্পণ চুক্তি অনুসারে দুজনকে হস্তান্তর করা ভারতের জন্য অবশ্য পালনীয় দায়িত্বও বটে।

শেখ হাসিনাকে ফেরত চেয়ে এর আগে গতবছর ২০ ও ২৭ ডিসেম্বর ভারতকে কূটনৈতিক পত্র দেওয়া হয়। তবে দেশটির সরকার পত্রগুলোর জবাব দেয়নি। মৃত্যুদ-ের রায় হওয়ার পর এই প্রথম তাদের হস্তান্তরের জন্য আনুষ্ঠানিকভাবে ভারত সরকারকে অনুরোধ করা হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত