জুলাই হত্যা মামলা থেকে বাণিজ্য উপদেষ্টাকে অব্যাহতি

আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ০৭:১০ এএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা মামলা থেকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-৩-এর এসআই (উপপরিদর্শক) মোস্তাফিজুর রহমান ফৌজদারি কার্যবিধির ১৭৩ (ক) ধারা অনুযায়ী অন্তর্বর্তীকালীন প্রতিবেদনে বশিরউদ্দীনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেন। এর পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম তাকে অব্যাহতি দেন।

মামলার তদন্ত কর্মকর্তা তার আবেদনে বলেন, ঘটনার সঙ্গে আসামি শেখ বশিরউদ্দীনের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি, তাই তাকে মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হোক।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ১৯ জুলাই রামপুরার সিএনজি স্টেশনের সামনে ভারগো গার্মেন্টস কোম্পানির এক্সিকিউটিভ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মো. সোহান শাহ গুলিতে আহত হন এবং ওই বছরের ২৮ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। একই বছরের ১৯ সেপ্টেম্বর সোহানের মা সুফিয়া বেগম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৭ জনকে আসামি করে আদালতে মামলা করেন। পরে আদালত অভিযোগটি রামপুরা থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেয়। এই মামলায় শেখ বশিরউদ্দীনকে ৪৯ নম্বর আসামি করা হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত