দুর্নীতির তদন্ত বা অনুসন্ধান বাধাগ্রস্ত করতে আগামীতে কেউ চাপ প্রয়োগ করলে তাদের নাম প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
দুদকে অযাচিত চাপ প্রয়োগ করা হয় কি না এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, দুদকে যারা অযাচিত চাপ প্রয়োগ করবে, আগামীতে তাদের নাম প্রকাশ করে দেব।
দুদক চেয়ারম্যান বলেন, ‘আইন-কানুনের সহায়তায় এবং আইনের ওপর ভিত্তি করে আগামীতে যে দুদককে পেতে চাই, সেই দুদক যদি আগের দুদকের চেয়ে দুর্বল হয়, সেটা কি আমরা গ্রহণ করব? নিশ্চয়ই তা ঠিক হবে না।’ তিনি বলেন, ‘দুদকের ওপর অন্যদের হস্তক্ষেপ যেন না হয়, সেটি বজায় রাখতে হবে। আমাদের অনেক ধরনের লিমিটেশন আছে। সেগুলো আমরা চেষ্টা করছি কাটিয়ে উঠতে।’
এক প্রশ্নের জবাবে আবদুল মোমেন বলেন, ‘রাজনীতিবিদদের যাদের গ্রেপ্তার করার কথা ছিল, সেটি আমরা করতে পারিনি। তবে আশার কথা, আমাদের একটা বড় মামলার রায়ের খুব কাছাকাছি চলে এসেছে। দুদক চেষ্টা করবে আগামী দিনগুলোয় মাথা উঁচু হয়ে থাকতে। এখন পর্যন্ত আমরা নিরপেক্ষভাবে সঠিকভাবেই কাজ করে আসছি। অনেক বড় তদবির এসেছে। আমরা কোনো তদবিরেই হেরে যাইনি।’
