বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামীর বাংলাদেশ গড়তে হলে সব সেক্টরে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, বিগত সরকারের আমলে ব্যাংক ও ইন্স্যুরেন্স খাতে ব্যাপক দলীয়করণ হয় যার কারণে আর্থিক খাতের এ করুণ অবস্থা।
আমীর খসরু বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এই খাতে বড় ধরনের সংস্কার করা হবে। সেই সাথে স্বচ্ছতা নিশ্চিতে আর্থিক সেক্টর দলীয়করণ মুক্ত করা হবে বলেও প্রতিশ্রুতি দেন।
বুধবার (২৬ নভেম্বর) রাজধানীর কাকরাইলে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানির ২৫ বছর পূর্তিতে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) হলে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
২৫ বছরে পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি ৩য় অবস্থানে এসেছে, এ কথা বলে তিনি আরও বলেন, দেশে ব্যাংকিং সেক্টরে বিগত দিনে লুটপাটের মহোৎসব চলেছে। যারা ব্যাংক থেকে টাকা নিয়ে গেছেন তারা লাভবান হয়েছেন কিন্তু কোম্পানির কর্মীরা ক্ষতিগ্রস্ত হন।
তিনি বলেন, ইন্সুরেন্স কোম্পানিতে যারা টাকা রেখেছেন অনেক কোম্পানি টাকা ফেরত দিতে পারছে না। এই রকম ২০ কোম্পানি আছে দেশে। যারা লুটপাট করেছে সেইসব ইন্সুরেন্স কোম্পানির অবস্থাগুলো আজ ভেবে দেখুন। আগামী দিনে ক্ষমতায় আসলে আমরা এইটা চলতে দিব না। এইসব জায়গায় বড় সংস্কার করতে হবে।
বাংলাদেশে এতোগুলো ইন্সুরেন্স কোম্পানির দরকার ছিল এমন প্রশ্ন রেখে তিনি বলেন, বিগত সরকার দলীয় বিবেচনায় অনেক ইন্সুরেন্স কোম্পানিকে অনুমোদন দিয়েছে।
