এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে দুর্দান্ত ছন্দ বজায় রেখেছে বাংলাদেশ। আজ চীনের ইয়ংচুয়ান স্পোর্টস সেন্টারে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে উড়িয়ে টানা তৃতীয় জয়ের স্বাদ পেয়েছে গোলাম রব্বানীর দল। তিন ম্যাচে প্রতিপক্ষের জালে এখন পর্যন্ত ১৮ গোল করেছে লাল–সবুজের যুবারা।
ম্যাচের ২৪তম মিনিটে আরিফের ক্রস থেকে ইকরামুল ইসলামের হেডেই পথচলা শুরু করে বাংলাদেশ। পাঁচ মিনিট পর অপুর থ্রু বল থেকে নাম্বার নাইন মানিক ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধে গোল শোধের চেষ্টা করেও সফল হয়নি শ্রীলঙ্কা।
বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। রিফাত–ফয়সালের সমন্বয় থেকে আসে তৃতীয় গোল। ৬৪ মিনিটে ফরোয়ার্ড রিফাত কাজীর পাস ধরে ঠান্ডা মাথায় ফিনিশিং করেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল।
এরপর বদলি হিসেবে নামা বায়েজিদ বোস্তামি আবারও প্রভাব রাখেন। দূরপাল্লার শটে ম্যাচের চার নম্বর গোলটি করেন তিনি। যোগ করা সময়ে আরও একটি দূরপাল্লার শটে নিজের দ্বিতীয় এবং দলের পঞ্চম গোলটি করেন নাজমুল হুদা ফয়সাল।
আগামী শুক্রবার বাংলাদেশের প্রতিপক্ষ বাহরাইন। ৩০ নভেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক চীনের। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে আগামী বছরের মে মাসে সৌদি আরবে অনুষ্ঠেয় এএফসি অনূর্ধ্ব–১৭ এশিয়ান কাপের মূল পর্বে খেলতে পারবে বাংলাদেশ।
১৬ দল নিয়ে অনুষ্ঠিত হবে এশিয়ান কাপে এরই মধ্যে ৯ দল মূলপর্ব নিশ্চিত করেছে। বাকি ৭ দল বাছাইপর্ব থেকে যাবে। অনূর্ধ্ব-১৭ পর্যায়ে বাংলাদেশ এর আগে দুইবার এবং অনূর্ধ্ব-১৬ পর্যায়ে চারবার মূলপর্বে খেললেও কোনোবারই গ্রুপ পর্ব পেরোতে পারেনি। ২০০৬ সালে সর্বশেষ বাছাই পেরোলেও তিন ম্যাচেই হারতে হয় লাল–সবুজকে।
৪০৮ রানে বিপর্যস্ত ভারতীয় দলের কোচের আমিত্ব জাহির