খুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। গতকাল শনিবার দুপুরে নগরীর পিকচার প্যালেস মোড়ে আইন ও অধিকার বাস্তবায়ন ফোরাম-খুলনা বিভাগীয় শাখা এ কর্মসূচির আয়োজন করে। সংগঠনের সভাপতি এসএম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব বাবুল হাওলাদার।
মানববন্ধন ও সমাবেশ বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের পর খুলনায় মব, খুন, ছিনতাই, চুরি, অস্ত্রের মহড়া ও মাদক ব্যবসা বেড়ে গেছে। কিছু রাজনৈতিক দল, গোষ্ঠীর আশ্রয়-প্রশ্রয়ে সুবিধাবাদী অসাধু চক্র এসব অপরাধে লিপ্ত রয়েছে। পুলিশের কাছে এসব সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী, মাদক ব্যবসায়ীদের তালিকা রয়েছে। কিন্তু পুলিশ অজানা কারণে তাদের গ্রেপ্তার করছে না।
তারা বলেন, সন্ত্রাসীরা অপরাধ সংগঠিত করে নানা অপকৌশলের মাধ্যমে আলামত নষ্ট এবং নিরাপদে সটকে পড়লেও পুলিশ পেশাদারিত্বের জায়গায় অযোগ্যতার পরিচয় দিচ্ছে। মোটকথা অপরাধ দমনে প্রশাসন সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে।
এ প্রসঙ্গে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার জুলফিকার আলী হায়দার বলেন, পুলিশ অপরাধ দমনে যথেষ্ট তৎপর রয়েছে। পুলিশের সঙ্গে মানুষের যোগাযোগ বাড়ানো ও তথ্য পেতে ইতিমধ্যে কেএমপি এলাকায় ১০টি পয়েন্টে তথ্য বক্স বসানো হয়েছে। বিভিন্ন স্থানে হটলাইন নম্বর দেওয়া হয়েছে। ৫০টি স্থানে প্লাকার্ড দেওয়া হচ্ছে। কিন্তু মানুষ তথ্য দিচ্ছে না। আসলে পুলিশকে মানুষ সাহায্য না করলে বা আইন অমান্য করলে পুলিশের কাজ করা কঠিন হয়ে পড়ে।
