৪ দিন ধরে শিবির কর্মী আসাদুল্লাহ নিখোঁজ

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ০৭:৩১ এএম

বগুড়ার পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ইসলামিক স্টাডিজ বিভাগের ১৯তম ব্যাচের শিক্ষার্থী এবং ক্যাম্পাস শাখা ইসলামী ছাত্রশিবিরের কর্মী আসাদুল্লাহ আল সাদিক (২৪) চার দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজের ঘটনায় সাঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

গতকাল শনিবার সকালে থানার ওসি মোহাম্মদ মনির হোসেন জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।

নিখোঁজ শিবির নেতা সাদিক গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের শিমুলতাইড় গ্রামের মতিউর রহমানের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, ২৪ নভেম্বর দুপুর ২টার দিকে তিনি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। ট্রেনে যাওয়ার পরিকল্পনা থাকলেও ট্রেন মিস হওয়ায় পরে সিএনজিতে রওনা হওয়ার কথা বাবা মাকে ফোনে জানান। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ এবং কোনোভাবেই তার সন্ধান মিলছে না।

পরিবারের সদস্যরা রাতভর এবং পরবর্তী কয়েক দিন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো তথ্য পাননি।

পরে গত বুধবার নভেম্বর সাঘাটা থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। ছেলেকে না পেয়ে দুশ্চিন্তায় ভেঙে পড়েছেন স্বজনরা।

আসাদুল্লাহর এক স্বজন বলেন, ‘চার দিন ধরে কোনো সংবাদ নেই। আমরা খুব উদ্বিগ্ন। কেউ যদি তার কোনো খোঁজ পেয়ে থাকেন তাহলে দয়া করে জানাবেন।’

সাঘাটা থানার ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। নিখোঁজ হওয়ার পেছনে সম্ভাব্য সব কারণ খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া হচ্ছে। আশা করি দ্রুতই কোনো অগ্রগতি পাওয়া যাবে।’

নিখোঁজ শিক্ষার্থী ও শিবির নেতা সাদিককে খুঁজে পেতে পরিবার, স্থানীয়রা এবং পুলিশ প্রশাসন সক্রিয়ভাবে কাজ করছে। কেউ তথ্য জানলে নিকটস্থ থানায় বা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত