মোরালেসের সঙ্গে কেন তুমুল তর্কে জড়ালেন মেসি–ডি পল?

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ১০:৩৪ এএম

মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে মাঠের উত্তেজনা চরমে ওঠে ইন্টার মায়ামি ও নিউইয়র্ক সিটি এফসির ম্যাচে। ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে একপর্যায়ে মুখোমুখি হয়ে তর্কে জড়ান লিওনেল মেসি ও ম্যাক্সি মোরালেস। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে তাতে জড়িয়ে পড়েন রদ্রিগো ডি পল এবং মার্সেলো ওয়াইগান্টও।

ম্যাচের শুরু থেকেই দাপুটে খেলছিল ইন্টার মায়ামি। তাদেও আয়েন্দের গোলে দ্রুত এগিয়ে যায় হাভিয়ের মাশ্চেরানোর দল। ১৯ মিনিটে ম্যাক্সি মোরালেস ও চিলিয়ান ডিফেন্ডার ম্যাক্সিমিলিয়ানো ফালকনের মধ্যে সংঘর্ষের পর উত্তেজনার সূত্রপাত হয়। সেই ঘটনার প্রতিবাদ জানাতে এগিয়ে আসেন ডি পল। এরপরই মেসি ও মোরালেস মুখোমুখি হয়ে একে অপরের সঙ্গে তীব্র বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। হলুদ কার্ড দেখান রেফারি।

কয়েক মিনিট ধরে চলা এই উত্তপ্ত পরিস্থিতিতে মাঠেও ছড়ায় উত্তেজনা শেষ পর্যন্ত মোরালেস এবং ওয়াইগান্ট দুজনকেই হলুদ কার্ড দেখান রেফারি। এই উত্তেজনার রেশ কাটতে না কাটতেই আবার আক্রমণে ওঠে ইন্টার মায়ামি। বাম দিক থেকে জর্দি আলবার নিখুঁত ক্রসে হেডে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তাদেও আলেন্দে। শেষ পর্যন্ত ৫–১ গোলের বড় জয়ে ইস্টার্ন কনফারেন্সের শিরোপা নিশ্চিত করে ইন্টার মায়ামি।

উল্লেখ্য, মোরালেস ও মেসির মধ্যে অতীতেও একই লিগে মুখোমুখি হওয়ার নজির রয়েছে। যদিও একসময় সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির প্রতি প্রশংসাও করেছিলেন মোরালেস। কিন্তু এবারের ফাইনালে সেই সম্পর্কের কোনো ছাপ দেখা যায়নি; বরং উত্তেজনাপূর্ণ মুহূর্তই শিরোনামে উঠে এসেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত