সীমিত পরিসরে নতুন তিনটি পণ্য বিক্রির ঘোষণা দিয়েছে রাষ্ট্রায়ত্ত বিপনন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এগুলো হলো গায়ে মাখার সুগন্ধি সাবান, ডিটারজেন্ট পাউডার এবং কাপড় কাচার সাবান। তবে এই পণ্যগুলো প্রথমে পরীক্ষামূলকভাবে বিক্রি করবে টিসিবি।
গতকাল রবিবার টিসিবির উপপরিচালক ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. শাহাদত হোসেনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
টিসিবি বলছে, নতুন এই পণ্যগুলো নভেম্বর মাস থেকেই বিক্রয় কার্যক্রমে সংযুক্ত করা হয়েছে। তবে তা সীমিত পরিসরে। প্রথম অবস্থায় ৫টি জেলা ও ৫টি সিটি করপোরেশনভুক্ত এলাকায় এসব ভর্তুকি মূল্যে বিক্রি করার উদ্যোগ নেওয়া হয়েছে।
শাহাদত হোসেন বলেন, পরীক্ষামূলক বিক্রয় কার্যক্রম থেকে সাধারণ মানুষের আগ্রহ পাওয়া গেলে পরে এর আওতা বাড়ানো হবে। প্রথম অবস্থায় ৫টি সিটি করপোরেশন এবং ৫টি জেলায় এসব পণ্য বিক্রি করা হবে।
জানা গেছে, টিসিবি বর্তমানে সারা দেশে গ্রাহকপ্রতি ২ লিটার ভোজ্যতেল, এক কেজি চিনি এবং ২ কেজি করে মসুর ডাল বিক্রি করছে। এসব পণ্যের সঙ্গেই দুই পদের সাবান ও ডিটারজেন্ট যুক্ত করা হলো। এর আগে অবশ্য টিসিবি এসবের সঙ্গে চা পাতা ও লবণ বিক্রির ঘোষণা দিয়েছিল। যদিও এ দুটি পণ্য এখনো যুক্ত করতে পারেনি।
টিসিবি সাধারণত ভর্তুকি মূল্যে সারা দেশে নিম্ন আয়ের মানুষের কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি করে। পাশাপাশি ট্রাক সেলের মাধ্যমেও ঢাকাসহ বিভিন্ন সিটি করপোরেশনভুক্ত অঞ্চলে পণ্য বিক্রি করে থাকে।
