সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে ১২২ বারের মতো তারিখ ধার্য হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গতকাল রবিবার ধার্য তারিখে প্রতিবেদন দাখিল করেনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম প্রতিবেদন দাখিলে ৪ জানুয়ারি পর্যন্ত সময় দেন। এর আগে গত ১৪ সেপ্টেম্বর ১২১তম ধার্য তারিখে প্রতিবেদন না আসায় অসন্তোষ প্রকাশ করেছিল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকার পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙা টেলিভিশনে বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। হত্যাকা-ের ঘটনায় শেরেবাংলা নগর থানায় মামলা করেন রুনির ভাই নওশের আলম রোমান। বিভিন্ন সময় এ মামলায় রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম ওরফে অরুন, আবু সাঈদ, সাগর-রুনির ভাড়াবাড়ির দুই নিরাপত্তারক্ষী পলাশ রুদ্র পাল ও এনায়েত আহমেদ এবং তাদের বন্ধু তানভীর রহমান খানকে গ্রেপ্তার করা হয়। আসামিদের কেউ এখন পর্যন্ত এ হত্যাকা-ের দায় স্বীকার করেননি। এদের মধ্যে তানভীর ও পলাশ জামিনে রয়েছেন। বাকিরা কারাগারে আছেন। শেরেবাংলা নগর থানা-পুলিশ, ডিবি ও র্যাবের পর মামলাটি এখন তদন্ত করছে পিবিআই।
গত বছরের ৩০ সেপ্টেম্বর সাগর-রুনি হত্যা মামলার তদন্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠনের নির্দেশসহ ছয় মাস সময় দেয় হাইকোর্ট। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় টাস্কফোর্স গঠন করে পিবিআইকে তদন্তের দায়িত্ব দেয়। গত ২২ এপ্রিল হাইকোর্ট মামলার তদন্তে টাস্কফোর্সকে আরও ছয় মাস সময় দেয়। এরপর গত ২৩ অক্টোবর হাইকোর্টের আদেশে আরও ছয় মাস সময় পায় পিবিআই।
