টানা তৃতীয় ড্রয়ে বার্সার পেছনে পড়ে গেলো রিয়াল, রোনালদোর পাশে এমবাপ্পে

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ১১:৪৪ এএম

লা লিগায় আরেকটি জয়হীন রাত কাটলো রিয়াল মাদ্রিদের। জিরোনার সংগে ১-১ গোলে ড্র করে প্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে লিগ শীর্ষে থাকার সুযোগ করে দিলে লস ব্লাঙ্কোসরা। 

মন্টিলিভিতে রেলিগেশন-ঝুঁকিতে থাকা জিরোনা প্রথমার্ধ শেষ হওয়ার আগেই আজিদ্দিন উনাহির জোরালো শটে এগিয়ে যায় জিরোনা। এরপর বিরতির আগে হ্যান্ডবলের কারণে এমবাপের একটি গোল বাতিল হলে চাপ বাড়ে মাদ্রিদের ওপর।

দ্বিতীয়ার্ধে ভিনিসিয়াস জুনিয়রের করা ফাউল থেকে পেনাল্টি পায় রিয়াল। ৬৭তম মিনিটে এমবাপ্পে ঠাণ্ডা মাথায় নীচের কোণে বল পাঠিয়ে সমতায় ফেরান দলকে।
শেষ মুহূর্তে পেনাল্টি বক্সের ভেতর থেকে তার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট না হলে তিন পয়েন্টই পেতে পারত মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের ইতিহাসে এক বছরে ৫৩ বা তার বেশি গোল করেছেন এমন খেলোয়াড় ছিলেন একজন—ক্রিশ্চিয়ানো রোনালদো (৫ বার)। তার সঙ্গে যোগ দিলেন এমবাপ্পে। 

মাদ্রিদের দাবি—৮০তম মিনিটে রদ্রিগোর ওপর ফাউলের জন্য আরেকটি পেনাল্টি পাওয়া উচিত ছিল। তবে রেফারি সিদ্ধান্তে অনড় থাকেন।

রিয়াল কোচ জাবি আলন্সো ম্যাচশেষে বলেন, “দলের প্রতিক্রিয়া আমার ভালো লেগেছে। দ্বিতীয়ার্ধে আমরা উন্নতি করেছি। সুযোগ তৈরি করেছি, কিন্তু সেগুলো কাজে লাগাতে পারিনি।”

এই ড্রয়ে ১৪ রাউন্ড শেষে ৩৩ পয়েন্ট নিয়ে লা লিগার দ্বিতীয় স্থানে রিয়াল। বার্সেলোনা রয়েছেন ১ পয়েন্ট এগিয়ে। আর রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে ভিয়ারিয়াল আতলেতিকো মাদ্রিদকে টপকে তৃতীয় স্থানে উঠে এসেছে। 

এমবাপ্পে খেলা শেষে ইনস্টাগ্রামে লেখেন, "আজ রাতে আমরা যে ফলাফল চেয়েছিলাম, তা একেবারেই হয়নি, তবে লিগ এখনও বাকি এবং অনেক লম্বা। আমাদের এই গতি পরিবর্তন করতে হবে এবং দল হিসেবে আমরা কেমন, তা দেখাতে হবে।"

×
সর্বশেষ সর্বাধিক পঠিত