দৈনিক কালবেলার অতিরিক্ত বার্তা সম্পাদক শাকিল ফারুকের বাবা ওমর ফারুক লিটন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সোমবার ভোর ৬টায় বারডেম জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে এদিন রাত ৪টার দিকে রাজধানীর রামপুরার পূর্ব হাজিপাড়ার নিজ বাসায় তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে নেওয়া হয় রামপুরার বেটার লাইফ হাসপাতালে। সংকটাপন্ন অবস্থায় সেখান থেকে পাঠানো হয় বারডেম জেনারেল হাসপাতালে। এরপর ভোর ৬টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ওমর ফারুক লিটনকে মৃত ঘোষণা করেন। পেশাগত জীবনে ওমর ফারুক লিটন ব্যবসায়ী ছিলেন। তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসতন্ত্রের নানা জটিলতা ও ডায়াবেটিসে ভুগছিলেন। এর আগে করোনার সময় তিনি শ্বাসতন্ত্রের রোগে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন। তখন সংক্রমণে তার ফুসফুসের বড় অংশের ক্ষতি হয়।
গতকাল বেলা ১১টায় রামপুরার পূর্ব হাজিপাড়া জামে মসজিদে জানাজা শেষে খিলগাঁওয়ের তালতলা কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় ওমর ফারুক লিটনকে। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
