গুরুদাসপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ০৬:১৯ পিএম

নাটোরের গুরুদাসপুর উপজেলার পৌর সদর চাঁচকৈড় খোয়ারপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসমাউল হক (১৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ব্যাডমিন্টন খেলার জন্য বিদ্যুৎ সংযোগ নিতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাডমিন্টন কোর্টের জন্য আলো জ্বালাতে নিজ বাড়ি থেকে লুজ তার দিয়ে সংযোগ নিচ্ছিলেন একই এলাকার রঞ্জু ফকিরের ছেলে আসমাউল হক। এ সময় হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে তিনি গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হলে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল হোসেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তিনি বলেন, “মরদেহটি উদ্ধার করে মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।” 

এ ঘটনায় গুরুদাসপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. সাহিদুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, শীতকালীন মৌসুমে উপজেলার বিভিন্ন স্থানে ব্যাডমিন্টন খেলার প্রবণতা বাড়ে। এ সময় অনেকেই লুজ তার বা সরাসরি লাইনে সংযোগ নিয়ে থাকেন, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তিনি বলেন, “আমরা বারবার সচেতন করার পরও অনেকেই নিয়ম ভঙ্গ করছেন। সরাসরি লাইন বা লুজ তার ব্যবহার না করার জন্য আবারও সকল বিদ্যুৎ গ্রাহকসহ গুরুদাসপুরের নাগরিকদের প্রতি অনুরোধ জানাচ্ছি।”

স্থানীয়দের দাবি, নিয়ম না মানা ও অসচেতনতার কারণেই এমন মর্মান্তিক দুর্ঘটনার পুনরাবৃত্তি ঘটে। তারা জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকা নজরদারির আওতায় আনার দাবি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত