পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের (জেএইচআরএমএল) পরিচালনা পর্ষদ তাদের সহযোগী প্রতিষ্ঠান জেএমআই স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডকে (জেএসএইচএল) প্রাইভেট লিমিটেড থেকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে।
গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ সিদ্ধান্ত জানিয়েছে কোম্পানিটি। এর আগে গত মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে।
কোম্পানিটি জানিয়েছে, তারা তাদের সহযোগী প্রতিষ্ঠান জেএসএইচএলে সম্প্রতি অতিরিক্ত ১০ কোটি ৬০ লাখ ৭ হাজার টাকা বিনিয়োগ করেছে। এতে প্রতিষ্ঠানটিতে মোট বিনিয়োগ দাঁড়িয়েছে ৩১ কোটি ৬০ লাখ ৭ হাজার টাকা। এতে প্রতিষ্ঠানটির মোট মালিকানার ৫০ শতাংশের বেশি জেএমআই হসপিটালের দখলে চলে আসে।
