লাতিন আমেরিকায় অর্থনৈতিক প্রভাব বিস্তারে চীনের কৌশল আরও জোরদার হলো। টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স ঘোষণা করেছে যে তারা ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় সেয়ারা অঙ্গরাজ্যে একটি বৃহৎ ডেটা সেন্টার নির্মাণে দুই শত বিলিয়ন রিয়াল বা প্রায় সাইত্রিশ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। লাতিন আমেরিকায় এটি কোম্পানির প্রথম প্রকল্প। বুধবার (৩ ডিসেম্বর) টিকটক ব্রাজিলের জননীতিবিষয়ক প্রধান মনিকা গুইজি এ তথ্য জানিয়েছেন।
ডেটা সেন্টারটি নির্মিত হবে শিল্পবন্দর পেসেমের কাছে। প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করবে ডেটা সেন্টার উন্নয়ন প্রতিষ্ঠান অম্নিয়া এবং নবায়নযোগ্য জ্বালানি সরবরাহকারী কাসা দোস ভেন্টোস। পুরো স্থাপনাটিই চালিত হবে বায়ু বিদ্যুৎ থেকে উৎপাদিত নবায়নযোগ্য শক্তিতে।
গুইজি জানান, 'এটি ব্রাজিলে কোম্পানির জন্য এক ঐতিহাসিক বিনিয়োগ। বিশ্বের সবচেয়ে গতিশীল ডিজিটাল বাজারগুলোর একটি হওয়ার কারণেই ব্রাজিলের প্রতি আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন এই প্রকল্প।'
ডেটা সেন্টার ও এআই প্রযুক্তিনির্ভর অবকাঠামোতে বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে ব্রাজিলকে এখন লাতিন আমেরিকার সবচেয়ে প্রস্তুত দেশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। দেশটিতে রয়েছে পর্যাপ্ত নবায়নযোগ্য জ্বালানি, দক্ষ জাতীয় বিদ্যুৎ গ্রিড এবং অঞ্চলের সবচেয়ে বিস্তৃত হাই-স্পিড ফাইবার অপটিক নেটওয়ার্ক। পাশাপাশি ফোরতালেজায় সমুদ্রতলীয় কেব্লের প্রধান ল্যান্ডিং পয়েন্ট থাকায় পেসেম থেকে ইউরোপ ও আফ্রিকায় দ্রুততম সংযোগ পাওয়া যায়।
বুধবার (৩ ডিসেম্বর) একটি স্থানীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেছেন, 'টিকটকের এই বিশাল বিনিয়োগ সেয়ারা অঙ্গরাজ্যে এক নতুন বিপ্লব আনবে।'
