এসপিদের প্রধান উপদেষ্টা

আগামী নির্বাচনে দায়িত্ব পালন হবে ঐতিহাসিক

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৫১ এএম

আগামী নির্বাচন সবার জন্য একটি ঐতিহাসিক দায়িত্ব বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে ভূমিকা রাখতে জেলা পুলিশ সুপারদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নতুন দায়িত্বপ্রাপ্ত ৬৪ জেলার পুলিশ সুপারদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান অধ্যাপক ইউনূস।

প্রধান উপদেষ্টা বলেন, ‘এবারের নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়, জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, তাদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এ নির্বাচন। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। আসন্ন নির্বাচনের মাধ্যমে সেই স্বপ্নকে আমরা বাস্তবায়নের পথে এগিয়ে নিয়ে যাব।’

তিনি বলেন, আসন্ন সাধারণ নির্বাচনের সময় একই সঙ্গে গণভোটও অনুষ্ঠিত হবে, যা আগামীর বাংলাদেশ গড়ার ভিত্তি হিসেবে কাজ করবে। গণভোটের মধ্য দিয়ে আমরা যে নতুন ভিত্তি পাব, সেটা শতবর্ষ ধরে এ জাতিকে এগিয়ে নিয়ে যাবে।

অধ্যাপক ইউনূস বলেন, সামনের নির্বাচনে বিদেশ থেকে অনেক প্রতিনিধিদল, নির্বাচন পর্যবেক্ষক আসবেন। তারা যেন এই নির্বাচনকে একটি চমৎকার দৃষ্টান্ত হিসেবে সারা বিশ্বের কাছে তুলে ধরতে পারেন, সেই লক্ষ্যে পুলিশ সুপারদের কাজ করে যেতে হবে।

সরকারপ্রধান বলেন, অতীতের নির্বাচনগুলো আমরা সবাই দেখেছি। কেউ প্রহসনের নির্বাচন বলে, কেউ বলে প্রতারণা আর তামাশার নির্বাচন। সেখান থেকে বেরিয়ে অনেক ওপরে উঠে আমাদের একটি নতুন মানদ- তৈরি করতে হবে। সেই পরিবর্তন নিয়ে আসাই পুলিশ বাহিনীর বড় দায়িত্ব।

আগামী নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দর করার ক্ষেত্রে কর্মকর্তাদের উদ্যোগী ও সৃজনশীল হওয়ার ওপর গুরুত্ব দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘সব কথা তো কাগজে লিখে দেওয়া যায় না। দায়িত্ব পালনের সময় আপনারা চিন্তা করবেন, কীভাবে কাজটি আরও সুন্দরভাবে করা যায়।’

পুলিশ সদস্যদের কাজের মান উন্নত করতে ও কাজে আনন্দ বাড়াতে জেলা বা বিভাগীয় পর্যায়ে সদস্যদের মধ্যে প্রতিযোগিতা হতে পারে বলে তিনি উল্লেখ করেন। এ ক্ষেত্রে পুরস্কার প্রদানের ব্যবস্থা করা যায় বলেও পরামর্শ দেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত