ধানুয়া কামালপুরে খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৮ এএম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় ধানুয়া কামালপুর হাইস্কুল মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এলাকা জুড়ে ছিল আবেগঘন পরিবেশ; সাধারণ মানুষ ও উপস্থিত নেতাকর্মীরা ‘মাদার অব ডেমোক্রেসি’ হিসেবে খ্যাত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাত তুলেছিলেন।

দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে একটি প্রতীকী নাম, জাতীয় ঐক্যের প্রতীক। তার সুস্থতা শুধু দলের নয়, পুরো জাতির প্রত্যাশা বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ‘বেগম জিয়ার অসুস্থতা এবং দেশনায়ক তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যারা কুৎসিত রাজনৈতিক খেলায় মেতেছেন, নির্বাচন বানচালের যে পাঁয়তারা করছেন, এ দেশের জনগণ তা রুখে দেবে। সরকার ঘোষিত নির্ধারিত সময়েই নির্বাচন হবে। বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে এবং দেশনায়ক তারেক রহমান বীরের বেশে এ দেশে এসে নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং সরকার গঠন করে দেশ পরিচালনা করবেন ইনশাআল্লাহ।’

অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম থেকে আসা স্থানীয় সাধারণ মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি মো. আব্দুল্লাহ আল মাহমুদ। এ ছাড়া জেলা ও উপজেলা বিএনপির সভাপতি-সম্পাদকসহ বিভিন্ন অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত