গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে মইদুল সর্দার (৪০) নামে এক যুবককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার হরিরামপুর ইউনিয়নের সাহেব বাজারের শুরের ভিটা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে গত বুধবার রাতে ওই এলাকায় মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মইদুলকে পিটিয়ে হত্যা করার ঘটনা ঘটে।
জানা গেছে, এলাকায় মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত বুধবার রাতে মাদক (গাঁজা) সেবনকালে মইদুল ও বেলাল নামে দুই যুবকের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে একপক্ষ অন্যপক্ষের ওপর ইট নিক্ষেপ করে। এতে মাথায় ইটের আঘাত লেগে ঘটনাস্থলেই মইদুল মারা যান। গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
