সিলেটে চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে অমানবিক নির্যাতন

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৫১ পিএম

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় চোর সন্দেহে দৃষ্টি প্রতিবন্ধী এক যুবককে অমানবিক নির্যাতন করা হয়েছে। নির্যাতিত যুবকের নাম জালাল মিয়া (২৪)। তিনি কোম্পানীগঞ্জের বুড়দেও গ্রামের আকবর আলীর ছেলে।

জালালকে গাছের সঙ্গে ঝুলিয়ে মারপিট করা হয়েছে। ঘটনার একটি ভিডিও শুক্রবার ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপরই কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনায় জড়িত ইরফান মিয়া নামের একজনকে আটক করেছে। আহত জালালকে কোম্পানীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, টাকা চুরির অভিযোগে গত বৃহস্পতিবার দৃষ্টি প্রতিবন্ধী জালালকে গাছের সঙ্গে ঝুলিয়ে বেধড়ক মারধর করে কয়েক জন ব্যক্তি। নির্যাতনের একটি ভিডিও চিত্র শুক্রবার ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, জালালকে অমানবিক নির্যাতন করা হচ্ছে এবং তিনি বাঁচার জন্য ছটফট করছেন।

নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়ার পরপরই অভিযানে নামে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। তারা নির্যাতনের ঘটনায় জড়িত ইরফান মিয়াকে ইতিমধ্যে আটক করেছে। ইরফান বুড়দেও গ্রামের ওসমান মিয়ার ছেলে। এ ঘটনায় জালালের বাবা বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলা করেছেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ জানান, একজন দৃষ্টি প্রতিবন্ধীকে অমানবিক নির্যাতনে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ সাঁড়াশি অভিযানে নেমেছে। ইতিমধ্যে একজন গ্রেপ্তার হয়েছে। ওসি আরও জানান, কারা কী উদ্দেশে জালালকে নির্যাতন করেছে তা খতিয়ে দেখছে পুলিশ। নির্মম এই ঘটনায় জড়িত কেউ রেহাই পাবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত